সিলেট ২ আসনটি এক সময় জাতীয় পার্টির ঘাটি হিসেবে সুপরিচিত ছিল। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও প্রচার প্রচারণা শেষে নির্বাচনের অন্তিম মূহুর্তে এই আসনটির সাধারণ ভোটারদের মাঝে আবারো আলোচনায় উঠে এসেছেন জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী।
রোববার সকাল থেকে শুরু হবে ভোটগ্রহন। সকল প্রচার-প্রচারণা শেষে ইতিমধ্যে ভোটাররা সিদ্ধান্ত নিতে শুরু করেছেন।
সিলেট-২ আসনে এ নির্বাচনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলেও মুল প্রতিদ্বন্ধিতায় রয়েছেন তিনজন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী, জাতীয় পার্টি মনোনিত লাঙ্গল প্রতীকের প্রার্থী ইয়াহ্ইয়া চৌধুরী ও আওয়ামীলীগের (স্বতন্ত্র) ও ট্রাক প্রতীকে প্রার্থী মুহিবুর রহমান। এর মধ্যে হাঠাৎ করেই শেষ মুহুর্তে মূল আলোচনায় উঠে এসেছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী ইয়াহ্ইয়া চৌধুরী।
এর কারণ হিসেবে জানা গেছে, এবারের নির্বাচন বর্জন করেছে প্রধান বিরোধী দল বিএনপি। সিলেট-২ আসনে ইতিমধ্যে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনার নির্দেশে বিএনপির স্থানীয় নেতারা ভোট বর্জনের জন্য প্রচারপত্র বিলি ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। এম ইলিয়াস আলীর ছোটভাই এম আসকির আলী একটি ভিডিও বার্তা ও ইলিয়াস পত্নী তাহসিনা রশিদ লুনার বিবৃতি দিয়েছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। ওই ভিডিও বার্তার একটি অংশে আসকির আলী দলীয় নেতাকর্মী সমর্থক ও ভোটারদের ট্রাক প্রতীকের প্রার্থী মুহিবুর রহমানসহ প্রার্থীদের ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানান।
বিএনপি নেতা নিখোঁজ এম ইলিয়াস আলীর ঘাটি হিসেবে পরিচিত বিশ্বনাথ-ওসমানীনগর। এই আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও ইলিয়াস পরিবারের অকুণ্ঠ সমর্থন পেয়ে উদিয়মান সূর্য প্রতিক নিয়ে এমপি নির্বাচিত হন গণফোরামের মোকাব্বির খান।
এরপর গত ইউনিয়ন পরিষদ নির্বাচেন ওসমানীনগরের কিছু এলাকা বিশ্বনাথে নৌকার প্রার্থীদের ভরাডুবি হয়েছিল। এমতাবস্থায় এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ঘরানার ভোটারদের কৌশলে ভোট কেন্দ্রে আনার চেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। এক্ষেত্রে এগিয়ে রয়েছেন লাঙ্গল প্রতীকের ইয়াহ্ইয়া চৌধুরী।
তাছাড়া একাধিক সূত্রে জানা গেছে, ইলিয়াস পরিবার ও বিএনপি দুই উপজেলার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দেও সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন ইয়াহইয়া চৌধুরী আর বিএনপি ঘরানার অনেকেই তাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য নিরাপদ প্রার্থী হিসেবে তাকেই হয়তো বেছে নেবেন। এমন ধারনা বিশেজ্ঞ মহলের। ফলে শেষ মুহুর্তে ভোটের আগের দিন মূল আলোচনায় উঠে এসেছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী ইয়াহ্ইয়া চৌধুরী।
বিভিন্ন সূত্রে জানা গেছে, বিএনপি ভোট বর্জনের আহবান জানিয়ে আসছে। কিন্তু বিএনপি ঘরনার কিছু ভোটার কেন্দ্রে গেলেও তারা ট্রাক বা নৌকা প্রতীকে যেন ভোট না দেন এমন বার্তা দিচ্ছেন বিএনপি নেতারা। এলাকায় এমন গুঞ্জন শুনা যাচ্ছে। আর যদি তাই হয়, তাহলে পাল্টে যেতে পারে ভোটের হিসাব-নিকাশ।
মুল প্রতিদ্বন্ধিতায় থাকায় তিন প্রার্থী ছাড়াও এই আসনটিতে প্রতিদ্বন্ধিতা করছেন- গণফোরামের প্রার্থী মোকাব্বির খান (উদীয়মান সূর্য), তৃণমূল বিএনপি প্রার্থী আবদুর রব মল্লিক (সোনালি আঁশ), বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মো. জহির (ডাব), এনপিপি প্রার্থী মনোয়ার হোসাইন (আম)।
উল্লেখ্য, সিলেট-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৭২৯ জন (পুরুষ ভোটার ১ লাখ ৭৬ হাজার ১৪৭ জন ও নারী ভোটার ১ লাখ ৬৮ হাজার ৫৮২ জন)। এরমধ্যে বিশ্বনাথ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৮৪ হাজার ১৪৯ জন (পুরুষ ভোটার ৯৪ হাজার ৬৬৪ জন ও নারী ভোটার ৮৯ হাজার ৪৮৫ জন) এবং ওসমানীনগর উপজেলায় মোট ভোটার ১ লাখ ৬০ হাজার ৫৮০ জন (পুরুষ ভোটার ৮১ হাজার ৪৮৩ জন ও নারী ভোটার ৭৯ হাজার ৯৭ জন)।
নির্বাচনী আসনে মোট ভোট কেন্দ্র ১২৭টি (বিশ্বনাথ উপজেলায় ৭৪টি ও ওসমানীনগর উপজেলায় ৫৩টি)।
আজকের সিলেট/এসটি
নিজস্ব প্রতিবেদক 








