মেসির বিদায়ের আগে বুরকিনা ফাসোকে ৭ গোল আর্জেন্টিনার
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩২ PM

মেসির বিদায়ের আগে বুরকিনা ফাসোকে ৭ গোল আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৪/১০/২০২৬ ০৯:১৪:০১ AM

মেসির বিদায়ের আগে বুরকিনা ফাসোকে ৭ গোল আর্জেন্টিনার


লিওনেল মেসিকে ছাড়াই আন্তর্জাতিক উইন্ডোতে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে আর্জেন্টিনা। বুরকিনা ফাসোর বিপক্ষে ৭-০ গোলের বড় ব্যবধানে জিতেছে তিনবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। ম্যাচের প্রথমার্ধেই পাঁচ গোল করে জয় অনেকটা নিশ্চিত করে ফেলে আলবিসেলেস্তেরা।

আগামী ৬ অক্টোবর মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি। তাকে বিদায় জানাতে এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন দেশের লাখ লাখ সমর্থক। তার আগে বুরকিনা ফাসোর বিপক্ষে এমন বড় জয় দিয়ে নিজেদের প্রস্তুতিটাও সেরে নিল আর্জেন্টিনা।

মেসিবিহীন এই আন্তর্জাতিক উইন্ডোতে এর আগে বলিভিয়ার বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছিল আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচেও আক্রমণাত্মক ফুটবলের ধারাবাহিকতা ধরে রাখে দলটি। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৬২তম অবস্থানে থাকা বুরকিনা ফাসোর বিপক্ষে প্রথম ৪৫ মিনিটেই পাঁচবার বল জালে পাঠায় তারা। বিরতির পর আসে আরও দুই গোল।

ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্তিনেজ। পেনাল্টি বক্সে মুমুনি দিয়ালো অগাস্টিন জিয়ায়কে ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। লাউতারোর নেওয়া শট বুরকিনা ফাসোর গোলরক্ষক রাজাক গুইরা প্রথমে ঠেকিয়ে দিলেও বল পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি। ফিরতি সুযোগ কাজে লাগিয়ে বল জালে পাঠান ‘এল তোরো’।

বলিভিয়ার বিপক্ষেও আর্জেন্টিনার প্রথম গোলটি এসেছিল লাউতারোর পা থেকে। টানা দুই ম্যাচে গোল করে জাতীয় দলের হয়ে তার মোট গোলসংখ্যা দাঁড়াল ৪২-এ। এর মধ্য দিয়ে সার্জিও আগুয়েরোর সঙ্গে যৌথভাবে আর্জেন্টিনার তৃতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন তিনি। তার সামনে এখন গ্যাব্রিয়েল বাতিস্তুতার ৫৪ গোল। ১২৫ গোল নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন মেসি।

প্রথম গোলের পরপরই আরও একবার বিপাকে পড়েন মুমুনি দিয়ালো। আর্জেন্টিনার আক্রমণ ঠেকাতে গিয়ে বল ক্লিয়ার করতে গিয়ে সেটিই নিজের জালে পাঠিয়ে দেন বুরকিনা ফাসোর এই ২২ বছর বয়সী ডিফেন্ডার। ক্লাব ফুটবলে ওয়াগাদুগুতে খেলা দিয়ালোর জন্য ম্যাচের প্রথম আট মিনিটই হয়ে ওঠে দুঃস্বপ্নের। তার আত্মঘাতী গোলেই আর্জেন্টিনা পায় দ্বিতীয় গোল।

এর কয়েক মিনিট পর ব্যবধান আরও বাড়ান জিয়ানলুকা প্রেস্তিয়ানি। ম্যাচের ১২ মিনিট পূর্ণ হওয়ার আগেই ডি-বক্সে ঢুকে শক্তিশালী শটে বল জালে পাঠান তিনি। জাতীয় দলের হয়ে এটিই ছিল প্রেস্তিয়ানির প্রথম গোল।

প্রথমার্ধেই আর্জেন্টিনার আরও দুই গোল আসে নিকো পাস ও হুলিয়ান আলভারেজের পা থেকে। বলিভিয়ার বিপক্ষে যেভাবে জায়গা খুঁজে নিয়ে গোল করেছিলেন, বুরকিনা ফাসোর বিপক্ষেও প্রায় একইভাবে দলের চতুর্থ গোলটি করেন নিকো পাস। এরপর পঞ্চম গোলটি আসে আলভারেজের কাছ থেকে। ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে তার দুর্দান্ত গোলের পর জাতীয় দলের হয়ে এটি ছিল আরেকটি গোল।

বিরতির পরও আর্জেন্টিনার আক্রমণের ধার কমেনি। বদলি হিসেবে মাঠে নেমে ওয়ান-অন-ওয়ান সুযোগ কাজে লাগিয়ে জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোলটি করেন ফ্রাঙ্কো মাস্তানতুওনো।

শেষ পর্যন্ত ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে আর্জেন্টিনার সপ্তম গোলটি যোগ করেন জিউলিয়ানো সিমিওনে। বড় জয়ে বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচ শেষ করে মেসিবিহীন আর্জেন্টিনা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর