এক সৈন্য মৃত্যুর প্রতিশোধে ইসরায়েলের বিমান হামলা, ১০৪ ফিলিস্তিনি নিহত
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৫ PM

এক সৈন্য মৃত্যুর প্রতিশোধে ইসরায়েলের বিমান হামলা, ১০৪ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩০/১০/২০২৫ ০৯:০৬:৪৩ AM

এক সৈন্য মৃত্যুর প্রতিশোধে ইসরায়েলের বিমান হামলা, ১০৪ ফিলিস্তিনি নিহত


গাজায় এক ইসরায়েলি সেনা নিহতের জেরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলায় অন্তত ১০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৬ শিশু ও ২০ নারী রয়েছেন। খবর রয়টার্স’র।

বুধবার এক বিবৃতিতে ইসরায়েল জানায়, তারা যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে। তবে সেনা হত্যার ঘটনায় প্রতিশোধ নিতে ‘সীমিত প্রতিক্রিয়া’ হিসেবে গাজার উত্তরাঞ্চলে পাল্টা হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, বেইত লাহিয়ার কাছে হামাসের একটি অস্ত্রভাণ্ডারকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

মঙ্গলবার গাজায় ‘ইয়েলো লাইন’-এর ভেতরে এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘটনা দুই বছরের মধ্যে সবচেয়ে বড় উত্তেজনা সৃষ্টি করেছে। ২০২৩ সালের অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এমন পরিস্থিতি আর দেখা যায়নি।

ইসরায়েলের অভিযোগ, ওই সেনাকে হত্যা করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তবে হামাস এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ইসরায়েল বেসামরিক জনগণের ওপর হামলার বৈধতা দিতে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমরা যে লক্ষ্য নিয়েছি—গাজা থেকে হামাসকে নিরস্ত্র করা ও অঞ্চলটিকে সামরিকভাবে নিরপেক্ষ রাখা—তা নিশ্চিত করা হবে।”

ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, নিহত সৈনিকের প্রতিশোধে তারা হামাসের ২৪টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে ছিল কয়েকটি টানেল, অস্ত্রের গুদাম ও এক হামাস কমান্ডারের অবস্থান, যিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় অংশ নিয়েছিলেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিমান হামলায় নিহত ১০৪ জনের মধ্যে ৪৬ জন শিশু এবং ২০ জন নারী। নুসাইরা এলাকায় এক হামলায় পুরো আবু দালাল পরিবার নিশ্চিহ্ন হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা মরদেহগুলো নিয়ে শোকমিছিলও বের হয়েছে এলাকায়।

অন্যদিকে হামাস নিয়ন্ত্রিত গাজা সরকারের গণমাধ্যম কার্যালয় এক বিবৃতিতে ইসরায়েলি বক্তব্যকে ‘ধারাবাহিক মিথ্যাচার’ হিসেবে আখ্যায়িত করে বলেছে, “ইসরায়েল বেসামরিক মানুষের ওপর চালানো যুদ্ধাপরাধ ঢাকতে বিভ্রান্তি ছড়াচ্ছে।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “যুদ্ধবিরতি এখনো টিকে আছে। ইসরায়েল আক্রান্ত হলে পাল্টা জবাব দেবে—এটাই স্বাভাবিক।” তিনি এই যুদ্ধবিরতি ও জিম্মি-বন্দী বিনিময় চুক্তিকে তার দ্বিতীয় মেয়াদের অন্যতম বড় পররাষ্ট্র নীতি অর্জন হিসেবে উল্লেখ করেন।

এদিকে কাতারের প্রধানমন্ত্রী ও মধ্যস্থতাকারী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি এই সহিংসতাকে “অত্যন্ত হতাশাজনক ও উদ্বেগজনক” বলে মন্তব্য করেছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর