লেবাননের ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ৫
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫০ AM

লেবাননের ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৪/১১/২০২৫ ১০:৪৬:৫৫ AM

লেবাননের ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ৫


লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হায়সম আলী তাবাতাবাই নিহত হয়েছেন। এতে তাবাতাবাইসহ অন্তত পাঁচজন প্রাণ হারান। খবর আল জাজিরা’র।

রোববার রাতে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়েহ এলাকায় হিজবুল্লাহ নিয়ন্ত্রিত একটি অ্যাপার্টমেন্ট ভবনে এই হামলার ঘটনা ঘটে। 

হিজবুল্লাহর পক্ষ থেকে এক বিবৃতিতে তাবাতাবাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যদিও সংগঠনের ভেতরে তার সুনির্দিষ্ট পদ উল্লেখ করা হয়নি, বিবৃতিতে তাকে “মহান কমান্ডার” হিসেবে বর্ণনা করা হয়েছে। তাবাতাবাই সংগঠনের সশস্ত্র শাখার চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা তাবাতাবাইকে “নিষ্ক্রিয়” করেছে। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর জানায়, হামলার লক্ষ্যই ছিলেন তাবাতাবাই। ইসরায়েলি গণমাধ্যম বলছে, গত বছরের যুদ্ধের পর থেকে এটি ছিল তাকে হত্যার তৃতীয় প্রচেষ্টা।

এ ঘটনায় লেবাননে উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। হিজবুল্লাহর জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ ক্বোমাতি বলেছেন, দাহিয়েহতে চালানো হামলা “রেড লাইন অতিক্রম করেছে”। তিনি জানান, এখন সংগঠনের নেতৃত্ব প্রতিক্রিয়া জানানো হবে কি না, তা গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। তার ভাষায়, “এই হামলা লেবাননের বিভিন্ন অঞ্চলে বড় ধরনের উত্তেজনার দরজা খুলে দিয়েছে।”

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত ২৮ জন আহত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদসংস্থা এনএএ-এর প্রতিবেদনে বলা হয়, হারেত হ্রেইক এলাকার আল-আরিদ স্ট্রিটে থাকা ওই ভবনটিতে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে ভবনের পার্কিং এলাকা, গাড়ি ও আশপাশের বাড়িঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

বৈরুত থেকে আল জাজিরার সংবাদদাতা জেইনা খোদর জানান, ইসরায়েলের “দমন-পীড়ন আরও বাড়তে পারে” বলে লেবাননে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। তার মতে, হিজবুল্লাহ এখন কঠিন পরিস্থিতিতে আছে—জবাব দিলে আরও বড় ইসরায়েলি হামলার ঝুঁকি, আর জবাব না দিলে প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়বে।

এ বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক আলি রিজক বলেন, হিজবুল্লাহ সম্ভবত নেতানিয়াহুকে পূর্ণাঙ্গ যুদ্ধের সুযোগ দিতে চাইবে না। কারণ এতে রাজনৈতিকভাবে নেতানিয়াহু লাভবান হবেন এবং লেবাননের জন্য পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে উঠবে।

উল্লেখ্য, ১৯৬৮ সালে বৈরুতে জন্ম নেওয়া তাবাতাবাইয়ের বাবা ইরানি এবং মা লেবানিজ। দক্ষিণ লেবাননে বড় হওয়া তাবাতাবাই ১২ বছর বয়সে হিজবুল্লাহতে যোগ দিয়েছিলেন। হামলার পর থেকেই বৈরুতে নিরাপত্তা উত্তেজনা বিরাজ করছে এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে মধ্যপ্রাচ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর