ভারতের উত্তর গোয়ার আরপোরা এলাকায় একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
রোববার ভোরে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ঘটনাটি নিশ্চিত করেন।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই জানায়, ‘বার্চ বাই রোমিও লেন’ নামের ওই ক্লাবে হঠাৎ গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই দাহ্য উপকরণে আগুন ছড়িয়ে পড়ায় ক্লাবের ভেতরে থাকা মানুষজন বের হতে না পেরে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন থেকে চারজন বিদেশি পর্যটকও রয়েছেন বলে ধারণা করছে পুলিশ।
মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, আজ গোয়ার জন্য অত্যন্ত বেদনাদায়ক একটি দিন। আরপোরার ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্তের নির্দেশ দিয়েছি। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাস্থলে সাংবাদিকদের তিনি জানান, তিনজন আগুনে দগ্ধ হয়ে এবং বাকি ব্যক্তিরা ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন।
গোয়ার পুলিশ মহাপরিচালক অলোক কুমার এএনআইকে বলেন, সব মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আগুন এখন নিয়ন্ত্রণে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
স্থানীয় প্রশাসন নিহতদের পরিচয় শনাক্তকরণ ও তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের কাজ শুরু করেছে। মর্মান্তিক এ ঘটনার জেরে গোয়া রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আজকের সিলেট/ডি/এসটি
আন্তর্জাতিক ডেস্ক 








