সিলেটের জৈন্তাপুর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বালু–পাথর সাইট এবং শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহন রোধে প্রশাসনের বিশেষ টাস্কফোর্স অভিযান চালিয়েছে।
রবিবার বেলা ১১টার দিকে পরিচালিত এ অভিযানে বাংলাবাজার এলাকা থেকে ১৩ হাজার ৩০০ ঘনফুট এবং শ্রীপুর পাথর কোয়ারী এলাকা থেকে ৩ হাজার ২০০ ঘনফুট—মোট ১৬ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু তাৎক্ষণিকভাবে স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। অভিযানে সহায়তা করে বর্ডার গার্ড বাংলাদেশ–এর ৪৮ বিজিবির দায়িত্বাধীন শ্রীপুর বিওপির একটি টিম, বাংলাদেশ পুলিশ–এর জৈন্তাপুর মডেল থানার সদস্যরা এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব জানান, অবৈধ বালু উত্তোলন ও পরিবহন প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
আজকের সিলেট/মিমো
ইমাম উদ্দিন, জৈন্তাপুর থেকে 








