সিলেটের জৈন্তাপুরে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ৩ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তিন যুবককে আটক করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জৈন্তাপুর থানার হরিপুর পুলিশ চেকপোস্টে ‘ঢাকা এক্সপ্রেস’ নামের একটি বাস থেকে এসব পণ্য জব্দ করা হয়। বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-৭০০৮।
পুলিশ জানায়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন রং ও কোম্পানির ২০টি মাঝারি আকারের ভারতীয় কম্বল, ১০ হাজার ১২৮ প্যাকেট ওরিও বিস্কুট, পেপার বোট সুইং কোকোনাট ওয়াটার ড্রিংকের ১ হাজার ৩৬০ বোতল, আমুল কুল কেশর ফ্লেভারের ৭০০ বোতল, কাভেরি মেহেদি কোনের ৯৫ প্যাকেট, সোন পাপড়ি এলাচির ২০৪ প্যাকেট, ক্লিনিক প্লাস হেলথ শ্যাম্পুর ২১০ বোতল এবং ২ হাজার ১৫০ পিস সাফারি চকলেট। এসব পণ্যের মোট মূল্য ৩ লাখ ৩৭ হাজার টাকা।
আটক ব্যক্তিরা হলেন জামালপুরের ইসলামপুর উপজেলার গাওকুড়া গ্রামের মো. জুয়েল আহম্মেদ (৩১), ঢাকার পল্লবী এলাকার মো. এনামুল হক (৪২) এবং শেরপুরের বালুরঘাট হেরুয়া এলাকার মো. ইমরান হোসাইন (২৬)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সোমবার সকালে পুলিশি পাহারায় তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আজকের সিলেট/ জেকেএস
জৈন্তাপুর প্রতিনিধি 








