বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

সভাপতি মকিস মনসুর, সাধারণ সম্পাদক আশরাফ মিয়া ও কোষাধ্যক্ষ হেলেন ইসলাম নির্বাচিত

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৬ ১১:২৮:৪৮ অপরাহ্ন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত


বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা প্রায় ৪০০ ডেলিগেট, অতিথি, কমিউনিটি নেতৃবৃন্দ, প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গত ১১ অক্টোবর পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে আয়োজিত এ সম্মেলনে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য সংগঠনটির নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কমিউনিটি নেতা মোহাম্মদ মকিস মনসুর, সাধারণ সম্পাদক আশরাফ মিয়া এবং কোষাধ্যক্ষ হেলেন ইসলাম।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ফাউন্ডার্স কনভেনর মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। মহিলা নেত্রী হেলেন ইসলাম ও কমিউনিটি সংগঠক মোহাম্মদ তাজুল ইসলাম যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ক্রয়ডন কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্যাট্রন ড. হাসনাত এম. হোসেন এমবিই, প্যাট্রন কে এম আবু তাহের চৌধুরী, চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা মাহী ফেরদৌস জলিল, সাউথ ইস্টের চেয়ার হারুনুর রশিদ, কমিউনিটি নেতা নুরুল ইসলাম মাহবুব, মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, মুক্তিযোদ্ধা এম এ মান্নান, মসুদ আহমদ, জামাল হোসেন, শাহ শাফি ও সৈয়দ সায়েম করিমসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা।

এ ছাড়া বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মুখলেছুর রহমান চৌধুরী, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক মেয়র জ্যোৎস্না ইসলাম, কমিউনিটি নেতা সিরাজ হক, বিশিষ্ট ব্যবসায়ী শাহনুর আহমদ খান, ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তোফাজ্জল হোসেন, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব, কাউন্সিলর এ কে এম হেলাল, কাউন্সিলর গুলজার আহমদ এবং বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক গুলজার আহমদ খানসহ সংগঠনের উপদেষ্টা ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ আগামী দুই বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন। সম্মেলন উপলক্ষে ‘ঐক্যের বন্ধন’ নামে একটি আকর্ষণীয় ম্যাগাজিন প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত, সিলেটি গান, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা সম্মেলনকে প্রাণবন্ত করে তোলে। পাশাপাশি ছিল বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের আয়োজন। যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর সিলেটবাসীর অংশগ্রহণে সম্মেলনটি পরিণত হয় এক মিলনমেলায়। প্রবাসের মাটিতে সিলেটের ঐতিহ্য, সংস্কৃতি, আন্তরিকতা ও সম্প্রীতির এক অনন্য আবহ তৈরি হয় পুরো আয়োজনজুড়ে।

সম্মেলনে বক্তারা সিলেটবাসীর দীর্ঘদিনের বিভিন্ন দাবি ও সমস্যা তুলে ধরেন। তাঁদের দাবির মধ্যে ছিল সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজসহ বিদেশি এয়ারলাইনগুলোর সরাসরি ফ্লাইট চালু, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভাড়া কমানো, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলির সংকট দূর করা ও যাত্রী হয়রানি বন্ধ করা এবং ঢাকা-সিলেট ছয় লেন সড়কের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা।

বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি সিলেট অঞ্চলের যোগাযোগব্যবস্থা, অবকাঠামো ও সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। প্রবাসীদের সঙ্গে দেশের মানুষের সম্পর্ক আরও সুদৃঢ় করতে এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।

নতুন কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পাওয়ার পর সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মকিস মনসুর। তিনি বলেন, সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা তাঁদের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে আগামী দুই বছরের জন্য দায়িত্ব অর্পণ করেছেন। এই আস্থার মর্যাদা রক্ষা করে প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সিলেটের উন্নয়ন এবং কমিউনিটির ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে তাঁরা কাজ করবেন।

তিনি আরও বলেন, “ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা যুক্তরাজ্যের যে প্রান্তেই বসবাস করি না কেন, আমাদের শিকড়, ঐতিহ্য ও মূল্যবোধ একই। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের কমিউনিটি ও আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারব।”

সম্মেলনে অংশগ্রহণকারী অতিথিরা নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের অভিনন্দন জানান। তাঁরা বলেন, যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে দূর-দূরান্ত পাড়ি দিয়ে বিপুলসংখ্যক মানুষের সম্মেলনে অংশগ্রহণ বৃহত্তর সিলেট কমিউনিটির ঐক্য ও পারস্পরিক সম্প্রীতির প্রতিফলন।

বক্তারা আরও বলেন, যুক্তরাজ্যজুড়ে বসবাসরত বৃহত্তর সিলেটবাসীকে একই ছাদের নিচে ঐক্যবদ্ধভাবে দেখতে পাওয়া আনন্দ ও গর্বের বিষয়। কমিউনিটির সবার সম্মিলিত প্রচেষ্টায় পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সহযোগিতাকে আরও সুদৃঢ় করতে হবে।

একটি ঐক্যবদ্ধ, সহযোগিতাপূর্ণ ও শক্তিশালী প্রবাসী কমিউনিটি গড়ে তোলার প্রত্যয় নিয়ে উৎসবমুখর পরিবেশে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় জাতীয় সম্মেলন-২০২৬ সম্পন্ন হয়।

আজকের সিলেট / জেকেএস

সিলেটজুড়ে


মহানগর