ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আবু সুফিয়ান নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার রাত ৮টার কিছু পর রাজধানীর ফার্মগেট এলাকায় স্টার হোটেলের সামনে এ গুলির ঘটনা ঘটে। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে গণমাধ্যমের হাতে এসেছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, গুলির পরপরই কয়েকজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যাচ্ছে। পুলিশ জানায়, রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে মুছাব্বিরকে লক্ষ্য করে গুলি চালানো হয়। একই ঘটনায় আবু সুফিয়ান গুলিবিদ্ধ হন।
তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
প্রাথমিক তথ্যে জানা গেছে, মুছাব্বিরকে লক্ষ্য করে মোট পাঁচ রাউন্ড গুলি করা হয়। এর মধ্যে একটি গুলি তার পেটে লাগে।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম জানান, ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে আজিজুর রহমান মুছাব্বির মারা গেছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা মুছাব্বির ও সুফিয়ানকে লক্ষ্য করে গুলি চালায়। আহতদের উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মুছাব্বিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আজকের সিলেট/ডি/এসটি
আজকের সিলেট ডেস্ক 












