পলাতক ফ্যাসিস্টরা দেশের বাইরে থেকে অশান্তি তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তাঁর দাবি, দেশের ভেতরে থাকা ‘গুপ্ত ও সুপ্তরা’ সেই তৎপরতায় ইন্ধন দিচ্ছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জ্বালানির মূল্যবৃদ্ধির অভিযোগ তুলে একটি পক্ষ সড়কে নেমেছে উল্লেখ করে রিজভী বলেন, বিশ্বের বিভিন্ন দেশও বর্তমানে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিরোধী দলের যারা এ বিষয়ে বড় বড় কথা বলছেন, তাদের খবরের কাগজ পড়ার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে জামায়াত এক হাজার গাড়ি নিয়ে লংমার্চ করছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
রিজভীর ভাষ্য, এত জ্বালানি খরচ না হলে রাষ্ট্রের সাশ্রয় হতো এবং জনগণ বিষয়টি বুঝতে পারছে। তিনি বলেন, নানা সংকটের মধ্যেও সরকার জনগণকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে এবং তারেক রহমানের সরকার অর্থনীতির উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।
দেশের অর্থনীতি রক্ষায় সরকার আন্তরিকভাবে কাজ করছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা করা হচ্ছে।
এ সময় বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ নিয়েও মন্তব্য করেন রিজভী। তাঁর বক্তব্য, বর্তমানে বিরোধী দল যেভাবে নির্বিঘ্নে কথা বলার সুযোগ পাচ্ছে, গত ১৭ বছরে তা সম্ভব হয়নি।
আজকের সিলেট/ জেকেএস









