২০ বছর পর সিলেট সফরে আসছেন তারেক রহমান। ২০০৫ সালে তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে এসেছিলেন সিলেটে। এবার আসছেন দলের চেয়ারম্যান হয়ে। ১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের পর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে দুই প্রখ্যাত ওলি হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করতেন। তার অবর্তমানে ছেলে তারেক রহমানও একইভাবে প্রচারণা শুরু করবেন। স্বাভাবিক কারণেই দলের চেয়ারম্যানের সফর নিয়ে সিলেটে দলের নেতাকর্মীরা উচ্ছ্বসিত। সাধারণ মানুষের মধ্যে তার সিলেট সফর নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ করা যাচ্ছে।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২১ জানুয়ারি সিলেটে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফিরবেন ২২ জানুয়ারি। লিডারের আগমনে সিলেটজুড়ে বিরাজ করছে ব্যাপক উদ্দীপনা। গণমানুষের মধ্যে তৈরি হয়েছে তাকে এক নজর দেখার তীব্র আগ্রহ।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষ করে গত ২৫ ডিসেম্বর দেশে ফিরে আসেন তারেক রহমান। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পর তিনি সেদিনই ঢাকায় ফিরে যান। এরপর এই প্রথমবারের মতো তিনি আবার সিলেট সফরে আসছেন।
সূত্র জানায়, তারেক রহমানের সিলেট সফরকে সামনে রেখে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি শুরু করেছেন। লিডারকে বিশাল সংবর্ধনা জানানোর পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া সিলেটের বিভিন্ন এলাকায় দলীয় কর্মীরা সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন।
সিলেটের সাধারণ মানুষের মধ্যেও তারেক রহমানের আগমন নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। দীর্ঘদিনের প্রতীক্ষিত এই লিডারকে কাছ থেকে দেখার জন্য সিলেটবাসী উন্মুখ হয়ে আছেন। স্থানীয় বিএনপি নেতারা জানান, তারেক রহমানের সিলেট সফর দলের জন্য নতুন মাত্রা যোগ করবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমান নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন সিলেট থেকে। দেশে ফেরার পর তারেক রহমানের সিলেট সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। এটি তার রাজনৈতিক কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হচ্ছে। সিলেট অঞ্চলে বিএনপির শক্তিশালী ভিত্তি রয়েছে এবং এই সফরের মাধ্যমে দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, বিএনপির চেয়ারপাসন আসন্ন নির্বাচনের প্রচারণা শুরু করতে যাচ্ছেন সিলেট থেকে। ২০ বছর পর সিলেটে সমাবেশ করবেন তারেক রহমান। সিলেটবাসীর জন্য এটি একটি সুখবর।
তিনি বলেন, এদিন সিলেটে দুই ওলির মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করবেন আমাদের চেয়ারম্যান। এরপর বেলা ১১টায় সিলেট নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








