স্বজনপোষণ বিতর্কে বারবার বলিউডের একাধিক তারকার নাম উঠে এসেছে। সেই আলোচনার বাইরে নেই ভারতের পশ্চিমবঙ্গের টলিউডও। তারকা-সন্তানেরা মা-বাবার পথ অনুসরণ করলেই অনেক সময় ধেয়ে আসে কটাক্ষের ঝড়। প্রশ্ন ওঠে যোগ্যতা আর পরিশ্রমের মানদণ্ড নিয়েও।
অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তৃষাণজিৎ ওরফে মিশুককে নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। শোনা যাচ্ছে, বাবার মতোই অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিতে চলেছেন তিনি। তারকা-সন্তান হিসেবে ইন্ডাস্ট্রিতে পা রাখার আগেই তাকে ঘিরে কৌতূহল, প্রত্যাশা ও সমালোচনা, সবই দানা বাঁধতে শুরু করেছে।
এক সাক্ষাৎকারে এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন প্রসেনজিৎ।
তিনি জানান, ছেলে মিশুক এখন অভিনেতা হয়ে ওঠার জন্য নিজেকে প্রস্তুত করছে। ছেলের স্বপ্নপূরণে তিনি পাশে থাকলেও, পর্দায় হাতেখড়ির ক্ষেত্রে তারকা বাবার কোনও রকম হস্তক্ষেপ থাকবে না।
অভিনেতার কথায়, ও যদি অভিনেতা হতে চায়, ওকেও আর দশজন অভিনেতার মতোই ওই জার্নিটার মধ্যে দিয়ে যেতে হবে। যেটা ও করছে। মুম্বাই যাচ্ছে, ভালো ভালো মানুষদের কাছে সাতদিন-আটদিন করে ওয়ার্কশপ করছে।
প্রসেনজিৎ জানান, ইতোমধ্যেই অভিনেতা হিসাবে পরিণত হওয়ার পথে অনেকটা এগিয়ে গিয়েছেন মিশুক। নিজেকে সব দিক থেকেই প্রস্তুত করছেন তিনি।
অভিনেতা বলেন, এই জায়গাটা খুব কঠিন। শুধু ভাগ্যের উপর নির্ভর করে কিছু হয় না। তাই ও প্রস্তুত হোক। যেদিন ও বুঝবে,
ও ওর মতো করে আসতে পারবে, আসবে। আমি ওকে বলে দিয়েছি, এই জায়গাটা একটা যুদ্ধক্ষেত্র। লড়াই করতে হবে। এর মধ্যে ভালো থাকবে, মন্দ থাকবে। তোমাকে লড়াই করতে হবে।
পূজায় মুক্তি পাওয়া ‘দেবী চৌধুরাণী’র সাফল্যের পর নতুন সিনেমা নিয়ে বড়পর্দায় ফিরছেন প্রসেনজিৎ। আবারো জনপ্রিয় চরিত্র ‘কাকাবাবু’র ভূমিকায় তাকে দেখা যাবে। চলতি মাসেই মুক্তি পেতে চলেছে ‘বিজয়নগরের হীরে’। আপাতত তারই প্রস্তুতিতে ব্যস্ত অভিনেতা।
আজকের সিলেট/ডি/এসটি
বিনোদন ডেস্ক 








