শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

মেসির ১০ নম্বর জার্সি পরে বিটিএসের বন্দনা, স্টেডিয়ামজুড়ে ‘মেসি’ স্লোগান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩/১০/২০২৬ ০১:০৩:৫৫ অপরাহ্ন

মেসির ১০ নম্বর জার্সি পরে বিটিএসের বন্দনা, স্টেডিয়ামজুড়ে ‘মেসি’ স্লোগান


আর্জেন্টিনায় নিজেদের প্রথম কনসার্টে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকে বিশেষভাবে সম্মান জানিয়েছে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। মেসির ১০ নম্বর জার্সি পরে মঞ্চে হাজির হন দলের পাঁচ সদস্য। পাশাপাশি আর্জেন্টাইন তারকার পরিচিত গোল উদ্‌যাপনের ভঙ্গিও অনুকরণ করেন তাঁরা। এ সময় দর্শকদের কণ্ঠে শোনা যায় ‘মেসি, মেসি, মেসি’ স্লোগান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়াটাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগের দিন বুধবার (২১ অক্টোবর) আর্জেন্টিনার লা প্লাতার এস্তাদিও উনিকো দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে বিটিএসের কনসার্টটি অনুষ্ঠিত হয়।

কনসার্টে ‘কাম ওভার’ গান পরিবেশনের সময় মেসিকে ঘিরে এই আয়োজন করে ব্যান্ডটি। সদস্য আরএম, সুগা, জে-হোপ, ভি ও জাংকুক আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি পরে মঞ্চে ওঠেন। জার্সিগুলোতে ছিল মেসির ১০ নম্বর এবং বিশ্বকাপজয়ী দলের প্রতীক। অন্য দুই সদস্য জিমিন ও জিনের পোশাকেও ফুটে উঠেছিল আর্জেন্টিনার আকাশি-সাদা পতাকার রং।

এরপর মেসির বিখ্যাত গোল উদ্‌যাপনের ভঙ্গি অনুকরণ করেন সদস্যরা। দলের সদস্য ভি, যাঁর প্রকৃত নাম কিম তাইহিউং, অন্যদের সেই ভঙ্গিতে দাঁড়ানোর নির্দেশনা দেন। একপর্যায়ে তিনি ‘মেসি, মেসি, মেসি’ বলে স্লোগান শুরু করলে দর্শকদের মধ্যেও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এ সময় স্টেডিয়ামের বড় পর্দায় দেখানো হচ্ছিল মেসির ছবি।

আর্জেন্টিনার মাটিতে দেশটির অন্যতম বড় ফুটবল তারকাকে সম্মান জানানোর এই উদ্যোগ সংগীত ও ফুটবল দুই জগতের ভক্তদের মধ্যেই আগ্রহ তৈরি করেছে। কনসার্টের পরিবেশনায়ও যোগ হয়েছে বাড়তি মাত্রা।

প্রতিবেদনটিতে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ২০২৬ সালের ৬ অক্টোবর বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামেন ৩৯ বছর বয়সী এই ফুটবলার। দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি আর্জেন্টিনাকে একাধিক সাফল্য এনে দিয়েছেন, যার মধ্যে রয়েছে ২০২২ সালের ফিফা বিশ্বকাপ জয়।

বিটিএস সদস্যদের সঙ্গে ফুটবলের যোগসূত্র অবশ্য নতুন নয়। দলের সদস্য সুগা দীর্ঘদিন ধরে ফুটবলের প্রতি নিজের আগ্রহ প্রকাশ করে আসছেন। এর আগে তাঁকে বার্সেলোনার জার্সিতেও দেখা গেছে। আরএম ও ভির সঙ্গে দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার সন হিউং-মিনেরও সুসম্পর্ক রয়েছে।

বিশ্ব ফুটবলের মঞ্চেও বিটিএসের উপস্থিতি রয়েছে। ২০২২ সালে কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে দলের সদস্য জাংকুক ‘ড্রিমার্স’ গান পরিবেশন করেছিলেন। এবার আর্জেন্টিনায় মেসিকে ঘিরে এই আয়োজন সংগীত ও ফুটবল জগতের দুই জনপ্রিয় নামের সংযোগকে আবারও সামনে নিয়ে এসেছে।

বিটিএসের ‘আরিরাং’ বিশ্ব সফরের অংশ হিসেবে আর্জেন্টিনায় কনসার্টটি অনুষ্ঠিত হয়। সামরিক দায়িত্ব শেষ করে সাত সদস্যের পূর্ণাঙ্গ দল হিসেবে বিশ্বমঞ্চে ফেরার পর এটি তাদের অন্যতম বড় আয়োজন। প্রতিবেদনে বলা হয়েছে, লাতিন আমেরিকা সফরের এই পর্বে আর্জেন্টিনার পাশাপাশি কলম্বিয়া, পেরু, চিলি ও ব্রাজিলেও কনসার্টের সূচি রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর