শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪৩ AM

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১৯/০১/২০২৬ ০৯:৫৫:১২ AM

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী ১৯ জানুয়ারি। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তার পিতার নাম মনসুর রহমান, যিনি পেশায় একজন রসায়নবিদ ছিলেন। শৈশব ও কৈশোরের একটি সময় তিনি বগুড়া ও কলকাতায় কাটান। পরে পিতার কর্মস্থল করাচিতে যান।

শিক্ষাজীবন শেষে ১৯৫৫ সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশন লাভ করেন। একজন পেশাদার সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করলেও দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে তিনি সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে খেমকারান সেক্টরে অসীম সাহসিকতার পরিচয় দেন তিনি।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন সেক্টর কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে দেশের রাজনীতিতে বিশেষ স্থান করে নেন। প্রায় সাড়ে চার দশক আগে সময়ের প্রয়োজনে তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

তার প্রতিষ্ঠিত বিএনপি পরবর্তীতে তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়। জিয়াউর রহমানের জনপ্রিয়তা ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বগুণে বিএনপি তিনবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়।

অসাধারণ দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও সহজ-সরল ব্যক্তিত্বের প্রতীক শহীদ জিয়াউর রহমানের অবদান দেশের ইতিহাসে অনন্য। তার রাজনৈতিক দর্শন ও দিকনির্দেশনা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে মনে করেন বিএনপি নেতাকর্মীরা।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর