সিলেট জেলাজুড়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়।
শুরু থেকেই নারী-পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেন্দ্রগুলোতে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। তবে সিলেট ৬ আসনের গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা যায়।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। অনেক কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে তরুণ ও প্রথমবারের ভোটারদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। বয়স্ক ভোটাররাও নিজ নিজ ভোটাধিকার প্রয়োগে আগ্রহ নিয়ে কেন্দ্রে উপস্থিত হন।
জেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচন কর্মকর্তারা আরও জানান, নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ চলবে এবং শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হবে বলে তারা আশাবাদী। উৎসবের আমেজে ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন এমন দৃশ্যেই মুখরিত হয়ে উঠেছে সিলেটের ভোটকেন্দ্রগুলো।
আজকের সিলেট/এপি
সৈয়দ রাসেল আহমদ 








