মৌলভীবাজারের বড়লেখায় চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে আজিজুন নেছা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত আজিজুন নেছা উপজেলার সুড়িকান্দি গ্রামের জমির উদ্দিনের স্ত্রী।
এ ঘটনায় ওই নারীর স্বামী ও অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন।
বুধবার দুপুরের দিকে উপজেলার বারইগ্রাম এলাকায় বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে দাসের বাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশা বারইগ্রাম এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মরা গাছ হঠাৎ ভেঙে অটোরিকশাটির ওপর পড়ে। এতে অটোরিকশার চালকসহ যাত্রী আজিজুন নেছা ও তার স্বামী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুন নেছাকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশার চালক ও নিহতের স্বামীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিলাদ আহমদ বলেন, অটোরিকশায় গাছ পড়ে ওই নারী ঘটনাস্থলে মারা যান। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ওই নারীর স্বামী ও চালককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখতেছি।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








