শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

সুনামগঞ্জে চুরি হওয়া দেড় শ বছরের পুরোনো তিন মূর্তি উদ্ধার, আটক ১

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১০/২০২৬ ০৪:২৫:১৩ অপরাহ্ন

সুনামগঞ্জে চুরি হওয়া দেড় শ বছরের পুরোনো তিন মূর্তি উদ্ধার, আটক ১


সুনামগঞ্জ শহরের বাঁধনপাড়া এলাকার একটি পারিবারিক মন্দির থেকে চুরি হওয়া দেড় শ বছরের পুরোনো তিনটি মূর্তি ও মূল্যবান পূজার সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তবে তাঁর নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নোয়াবাদ গ্রাম থেকে এসব সামগ্রী উদ্ধার করা হয়।

সুনামগঞ্জ সদর থানা পুলিশ জানায়, বুধবার (১৪ অক্টোবর) রাতে বাঁধনপাড়া আবাসিক এলাকার ব্যবসায়ী রাজগোবিন্দ চক্রবর্তীর পারিবারিক মন্দিরে চুরির ঘটনা ঘটে। সেখান থেকে প্রায় দেড় শ বছরের পুরোনো রাধা মাধব, রাধা মা ও গণেশ ঠাকুরের তিনটি মূর্তি এবং সোনা-রুপার পূজার সামগ্রী নিয়ে যায় চোরেরা।

ঘটনার খবর পেয়ে সুনামগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ রতন শেখ ও পুলিশ ফাঁড়ির এসআই অভিজিৎ ভৌমিক অভিযান শুরু করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের হাসননগর এলাকা থেকে এক সন্দেহভাজনকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী কিশোরগঞ্জের নোয়াবাদ গ্রাম থেকে চুরি হওয়া মূর্তি ও পূজার সামগ্রী উদ্ধার করে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়ে আসা হয়।

মন্দিরের মালিক রাজগোবিন্দ চক্রবর্তী বলেন, ‘বুধবার ভোররাতে ঘুম থেকে ওঠে দেখি মন্দিরের তালা ভাঙা। পরে দেখি মন্দিরের দেড় শ বছরের পুরনো তিনটি মূর্তিসহ মূল্যবান পূজা সামগ্রী নেই। সবকিছু এলোমেলো। তারপর পুলিশকে খবর দিলে আজ পুলিশ কিশোরগঞ্জ থেকে তা উদ্ধার করে দিয়েছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি কৃতজ্ঞ।’

সুনামগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ রতন শেখ বলেন, শহরের হাসননগর এলাকা থেকে এক সন্দেহভাজন চোরকে আটকের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ থেকে চুরি হওয়া বিগ্রহ ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর