সিলেট নগরের দরগাহ গেট এলাকার মহানগর হাসপাতালে প্রয়োজনীয় লাইসেন্স না থাকা ও বিভিন্ন কক্ষের পরিবেশ অপরিচ্ছন্ন পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে হাসপাতালটির অপারেশন থিয়েটার, অস্ত্রোপচার-পরবর্তী কক্ষ ও অটোক্লেভ কক্ষের পরিবেশ অপরিচ্ছন্ন পাওয়া যায়।
এ ছাড়া হাসপাতালটির স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স, ওষুধের ফার্মেসি পরিচালনার লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় লাইসেন্স ছিল না। এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে হাসপাতাল কর্তৃপক্ষকে চিহ্নিত ত্রুটিগুলো সংশোধনের জন্য দুই মাস সময় বেঁধে দেওয়া হয়েছে।
সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে নগরের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজকের সিলেট/ জেকেএস









