শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

দুর্গাপূজায় সিলেট বিভাগে নিরাপত্তা জোরদার, নজরদারিতে সাইবার টিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/১০/২০২৬ ০৩:৫৬:০৭ অপরাহ্ন

দুর্গাপূজায় সিলেট বিভাগে নিরাপত্তা জোরদার, নজরদারিতে সাইবার টিম


সিলেট বিভাগের সব জেলায় শারদীয় দুর্গাপূজা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী। গুজব ছড়িয়ে উৎসবের পরিবেশ নষ্ট করার চেষ্টা ঠেকাতে গোয়েন্দা সদস্যদের পাশাপাশি সাইবার টিমও সার্বক্ষণিক নজরদারি করছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর এলাকার দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন এসআরবির সুনামগঞ্জ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (সিপিসি-৩) এএসপি মো. রোকুনুজ্জামান।

তাজমিনুর রহমান চৌধুরী বলেন, দুর্গাপূজা সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন করতে র‍্যাব কাজ করছে। পূজামণ্ডপগুলোতে টহল দল মোতায়েন রয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং অনলাইনে নজরদারি চালাচ্ছে সাইবার টিম।

গুজবের বিষয়ে তিনি বলেন, কোনো তথ্য পাওয়া গেলে তা যাচাইয়ের সুযোগ দিতে হবে। তথ্য মিথ্যা প্রমাণিত হলে গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর তথ্যের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

পূজামণ্ডপে ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবক রাখা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার আহ্বান জানান এসআরবি-৯ অধিনায়ক। বিশেষ করে নারী ও শিশুরা যাতে নিরাপদে পূজামণ্ডপে আসতে পারেন, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, শুক্রবার থেকে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। আগামী ২১ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ ছাড়া নাশকতা বা যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের স্পেশাল ফোর্সের কমান্ডো দল প্রস্তুত রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর