যুদ্ধবিরতি চলমান থাকলেও লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩৭ জন। নিহতদের মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, একই দিনে চলমান সংঘাতের মধ্যে এক ইসরাইলি সেনার মৃত্যুর খবরও নিশ্চিত করেছে তেল আবিব। কয়েকদিন ধরে পাল্টাপাল্টি হামলার জেরে দুই দেশের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।
এ হামলার পক্ষে সাফাই গেয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যেকোনো ‘পরিকল্পিত বা আসন্ন’ হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে। এই অভিযান কেবল প্রতিশোধমূলক নয়, বরং সম্ভাব্য হুমকি প্রতিরোধের অংশ হিসেবেও পরিচালিত হচ্ছে।
এদিকে, ইসরাইলি সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলের সাতটি শহরের বাসিন্দাদের দ্রুত এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছে। তাদের দাবি, নিরাপত্তার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
যুদ্ধবিরতির মাঝেও এমন হামলা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের পরিস্থিতি দীর্ঘমেয়াদে সংঘাত আরও জটিল করে তুলতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
আজকের সিলেট/ডি/এসটি
আন্তর্জাতিক ডেস্ক 








