সিলেটে গত ২৪ ঘণ্টায় অতিভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে জেলার ওপর দিয়ে অব্যাহত বর্ষণের ফলে মোট ৮৮ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, এ সময়ে ৮৮ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদদের সংজ্ঞা অনুযায়ী, ৮৮ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতকে অতিভারি বৃষ্টিপাত হিসেবে গণ্য করা হয়।
এদিকে শুক্রবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টি শনিবার সকালেও অব্যাহত রয়েছে। সকাল থেকে সিলেটের আকাশ মেঘাচ্ছন্ন ও অন্ধকারাচ্ছন্ন দেখা গেছে। থেমে থেমে বৃষ্টিপাতের কারণে নগর ও জেলার বিভিন্ন এলাকায় স্বাভাবিক জনজীবনে প্রভাব পড়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট নিম্নচাপের প্রভাব দেশের আবহাওয়ায় এখনও বিরাজ করছে। এর প্রভাবে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, নিম্নচাপের প্রভাব বজায় থাকায় আগামী কয়েকদিনও দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে সিলেট অঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি এবং নিম্নাঞ্চলে জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
আজকের সিলেট/এপি









