সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকতার লড়াই, নেটফ্লিক্সে ‘রিপোর্টিং লাইভ’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৬ ০৯:৩০:৩৪ পূর্বাহ্ন

দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকতার লড়াই, নেটফ্লিক্সে ‘রিপোর্টিং লাইভ’


সাংবাদিকতার সাহস, সত্য অনুসন্ধান এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হিন্দি সিনেমা ‘রিপোর্টিং লাইভ’। পরিচালক ধ্রুব ত্রিপাঠীর এই ইনভেস্টিগেশন থ্রিলারে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। গত ৯ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি।

ছবির গল্পে উঠে এসেছে সাংবাদিকতার কঠিন বাস্তবতা, সংবাদমাধ্যমের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং অবৈধ সিন্ডিকেটের বিরুদ্ধে সত্য অনুসন্ধানের চিত্র।

একটি জনপ্রিয় সংবাদ চ্যানেলের প্রাইম টাইমের জন্য খবর খুঁজতে গিয়ে জটিল পরিস্থিতিতে জড়িয়ে পড়েন সাংবাদিক সন্ধ্যা যাদব ও তাঁর ক্যামেরাম্যান বিনোদ শর্মা। ভিসারগাঁওয়ে একটি সেতু ভেঙে কয়েকটি শিশুর মৃত্যুর ঘটনার কারণ অনুসন্ধান করতে গিয়ে তাঁরা অবৈধ বালু উত্তোলনকে ঘিরে বড় ধরনের দুর্নীতির সন্ধান পান। স্থানীয় বাসিন্দা শিবা কাকার সহায়তায় এই অনিয়মের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ শুরু করেন তাঁরা।

মিহির যাদবের গল্প অবলম্বনে নির্মিত সিনেমাটিতে শুধু মাঠপর্যায়ের অনুসন্ধান নয়, সংবাদকক্ষের ভেতরের টানাপোড়েনও তুলে ধরা হয়েছে। সম্পাদক ও চ্যানেল মালিকের মতপার্থক্য, পেশাগত চাপ এবং সৎ সাংবাদিকদের কাজ করতে গিয়ে নানা ঝুঁকির মুখে পড়ার বিষয়গুলো গল্পে গুরুত্ব পেয়েছে।

সিনেমাটি মুক্তির পর দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কারও কারও মতে, সাংবাদিক সন্ধ্যা যাদবের চরিত্রে পরিণীতি চোপড়ার অভিনয় পুরোপুরি মানানসই মনে হয়নি। তবে তাঁর সহকর্মী বিনোদ শর্মার ভূমিকায় দেবেন ভোজানির অভিনয় সেই দুর্বলতা অনেকটাই সামলে দিয়েছে।

এ ছাড়া স্বল্প উপস্থিতিতেও নজর কেড়েছেন অমল পালেকর ও শাশ্বত চ্যাটার্জি। তবে কিছু চরিত্রের অতিরিক্ত অভিনয় এবং চিত্রনাট্যের পরিচিত ধরন সিনেমাটিকে থ্রিলার হিসেবে আরও আলাদা মাত্রায় নিয়ে যেতে পারেনি বলে মনে করছেন কিছু দর্শক।

সব মিলিয়ে, সাংবাদিকতার ঝুঁকি, সত্য অনুসন্ধান এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে কেন্দ্র করে নির্মিত ‘রিপোর্টিং লাইভ’ দর্শকদের সামনে সংবাদমাধ্যমের নানা বাস্তবতা তুলে ধরেছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর