সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

হবিগঞ্জে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১১; থানায় ছাড়াতে ভিড়

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/১০/২০২৬ ১০:০২:১৫ পূর্বাহ্ন

হবিগঞ্জে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১১; থানায় ছাড়াতে ভিড়


হবিগঞ্জ শহরে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এদিকে আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে হবিগঞ্জ সদর থানায় ভিড় করেন শতাধিক লোক। তাঁদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে তদবিরের অভিযোগ উঠেছে।

সম্প্রতি ‘কিশোর গ্যাংয়ের উৎপাতে শহরবাসী আতঙ্কিত’ শিরোনামে সংবাদ প্রকাশের পর কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান জোরদার করে পুলিশ। রোববার হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হকের নেতৃত্বে শায়েস্তানগর, ২ নম্বর পুল, উমেদনগর, সিনেমা হল এলাকা, তিনকোনা পুকুরপাড়, চৌধুরী বাজার ও নোয়াবাদসহ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে জয়, শ্রাবণ, শুভ, অনিক ও রুমেলসহ মোট ১১ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগের মামলা থাকার তথ্য পাওয়া গেছে। অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা ও পূর্ববর্তী মামলার তথ্য যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে সদর থানায় প্রায় শতাধিক লোকের উপস্থিতি দেখা যায়। তাঁদের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি কয়েকজন নেতাকর্মীর তদবিরের অভিযোগও উঠেছে। এ নিয়ে থানা এলাকায় আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। তবে অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, হবিগঞ্জ শহরে জেক্সার, এক্সার, জেকু, নাইন এক্সার ও পাংকু নামে কয়েকটি কিশোর গ্রুপের তৎপরতার কথা জানা গেছে। এসব গ্রুপের সদস্যদের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে চলাফেরা, এলাকায় আধিপত্য বিস্তার এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এসব কিশোরের একটি অংশ বিভিন্ন এলাকায় দলবদ্ধভাবে চলাফেরা করে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধে জড়ানো, সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং নানা অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে পড়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। বিশেষ করে সন্ধ্যার পর কিশোরদের বেপরোয়া চলাফেরা নিয়ে উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা।

হবিগঞ্জ সদর থানার ওসি জাহিদুল হক জানান, আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যাঁদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রমাণ ও মামলার তথ্য পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর