মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

টানা তিন হারের পর ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৬ ০৯:১৪:১৬ পূর্বাহ্ন

টানা তিন হারের পর ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়


লিজেন্ডদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে টানা তিন ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ চ্যাম্পিয়ন। রোববার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ভারত চ্যাম্পিয়নকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ।

আগে ব্যাট করে ৯ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে বাংলাদেশ। টপ অর্ডারের ব্যর্থতার মধ্যে ব্যাট হাতে দলের হাল ধরেন রনি তালুকদার। ২৫ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৪০ রান করেন তিনি।

মিডল অর্ডারে নাসির হোসেনের ২৪ ও আরাফাত সানির ৩৭ রানের ইনিংস বাংলাদেশকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়। ভারতের হয়ে পিযুষ চাওলা তিনটি উইকেট নেন। ঋষি ধাওয়ান ও পবন নেগি পান দুটি করে উইকেট।

১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত। আবু জায়েদ রাহির বোলিংয়ে ২৪ রানের মধ্যেই প্রথম দুটি উইকেট হারায় তারা। পাওয়ার প্লের মধ্যেই যুবরাজ সিংকে ফিরিয়ে দেন কামরুল ইসলাম রাব্বি।

এরপর বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান এনামুল হক জুনিয়র। ৩ ওভারে মাত্র ১২ রান দিয়ে চার উইকেট তুলে নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি। একপর্যায়ে ৮৮ রানেই ৮ উইকেট হারিয়ে বসে ভারত।

তবে শেষ দিকে পবন নেগি ও পিযুষ চাওলার লড়াইয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে ভারত। অবিচ্ছিন্ন ৫০ রানের জুটি গড়লেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি তারা। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৩৮ রানেই থামে ভারতের ইনিংস। পবন ২৬ ও পিযুষ ২৪ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে এনামুলের চার উইকেটের পাশাপাশি আবু জায়েদ রাহি দুটি উইকেট নেন। ২৬ রান খরচ করেন তিনি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর