ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মরক্কো। বিশ্বমঞ্চে নামার আগে ট্রফি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ব্রাজিলের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
মরক্কো ম্যাচের আগে এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেন, ’বিশ্বের সেরা জাতীয় দলের যে মান আমরা ঠিক সেই পর্যায়েই আছি। ব্রাজিল দলে দারুণ সব খেলোয়াড় রয়েছে। গত কয়েক মাসে আমরা নিজেদের খেলা অনেক উন্নত করেছি। এখানে এসেছি ইতিহাস গড়তে এবং একটি দুর্দান্ত টুর্নামেন্ট উপহার দিতে।‘
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি পাঁচবার শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। নিজেদের গৌরবময় অতীত ইতিহাস নিয়ে তৃপ্তির ঢেকুর তুলতে চান না ভিনিসিয়ুস। ‘বিশ্বকাপ এমন একটি মঞ্চ যেখানে সবার লড়াই শুরু হয় একদম শূন্য থেকে। অতীতে কে কতবার ফাইনালে খেলেছে বা কে কোপা আমেরিকা জিতেছে—সেটা এখন আর কোনো গুরুত্ব বহন করে না। আগামীকাল (আজ) থেকে মাঠের লড়াইয়ে কী ঘটবে, সেটাই আসল।‘
নিজের বর্তমান ফর্ম এবং আত্মবিশ্বাস নিয়ে ভিনিসিয়ুস বলেন, ‘ক্যারিয়ারের সবচেয়ে স্পেশাল এবং গুরুত্বপূর্ণ সময়ে আছি। সামনে আমাদের আটটি ম্যাচ আছে। দেশের ইতিহাস বদলে দিতে ভূমিকা রাখতে চাই। এখানে গোল বা অ্যাসিস্টের সংখ্যা নিয়ে ভাবছি না; আমি ভাবছি ভালো খেলা এবং দলকে প্রয়োজনীয় আত্মবিশ্বাস জোগানো নিয়ে। কয়টি গোল করলাম তা বড় কথা নয়, বড় কথা হলো আমরা কতদূর যেতে পারলাম।‘
আন্তর্জাতিক ইতিহাসে এর আগে মরক্কোর সঙ্গে চারবারের দেখা হয়েছে ব্রাজিলের। এরমধ্যে ব্রাজিল জিতেছে ৩টি আর মরক্কোর জয় ১টি ম্যাচে। ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল অ্যাটলাস লায়ন্স খ্যাত মরক্কো।
মরক্কো দল নিয়ে ভিনিসিয়ুস বলেন, ‘কোনো সন্দেহ নেই মরক্কো অনেক উন্নতি করেছে। গত বিশ্বকাপের মতো আবারও সবাইকে চমকে দিতে পারে তারা। ওদের দলে ব্রাহিম (দিয়াজ) আছে যে আমার সাথেই খেলে, আর হাকিমি তো মাত্রই আরেকটি চ্যাম্পিয়নস লিগ জিতল। বিশ্ব ফুটবলে দাপিয়ে বেড়ানো আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আছে ওদের। তারা খুব ভালো এগিয়ে যাচ্ছে। ম্যাচটা সত্যিই দারুণ হবে।‘
বিশ্বকাপে আজ মরক্কো ও ব্রাজিলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়।
আজকের সিলেট/এপি
ক্রীড়া ডেস্ক 








