কাতার থেকে একসঙ্গে ফিরল পাঁচ প্রবাসীর মরদেহ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:০৩ PM

কাতার থেকে একসঙ্গে ফিরল পাঁচ প্রবাসীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০৬/২০২৬ ১১:৩২:৪২ AM

কাতার থেকে একসঙ্গে ফিরল পাঁচ প্রবাসীর মরদেহ


কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে। তারা সবাই কানাইঘাটের গাছবাড়ি এলাকার বাসিন্দা। বিমানবন্দরে নিহতদের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠে আকাশ বাতাস।

মঙ্গলবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন স্বজন ও স্থানীয়রা।

এর আগে গত ২১ জুন কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার ৫ যুবক। তারা সবাই দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। নিহতরা হলেন - আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ, জুবায়ের আহমদ এবং কাদের আহমদ।

দীর্ঘ আইনী প্রক্রিয়া শেষে আজ সকাল ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তাদের মরদেহ সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছায়। লাশ গ্রহণ করতে আসা নিহতদের স্বজনরা জানান, এই প্রবাসী ব্যাক্তিরা প্রত্যেকেই নিজ নিজ পরিবারের একমাত্র অবলম্বন ছিলেন। প্রবাসে যেতে যে ধারদেনা করা হয়েছিল, তা এখনো শোধকরা সম্ভব হয়নি, এমন অবস্থায় বিপাকে পড়েছে তাদের পরিবার।

এদিকে প্রবাস ফেরত এই রেমিটেন্স যোদ্ধাদের মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত হন সিলেট ৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং মহানগরে জামায়াতের আমীর ফখরুল ইসলাম।

সিলেটবাসীর জন্য দঃখজনক বলে মন্তব্য করে মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম বলেন, সমাজের বিত্তবান ব্যাক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ এগিয়ে আসলে তাদের পরিবারে আশার আলো ফুটবে।

আর প্রবাসীরা জীবীকার তাগিতে নিজের সর্বস্ত্র বিলিয়ে দিয়ে অর্থনীতির চাকা সচল রাখেন বলে মন্তব্য করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, প্রবাসীদের যেকোন ধরনের ক্ষয়ক্ষতি আমাদের জন্য কষ্টদায়ক।

বিদেশে কোন প্রবাসীর মৃত্যু হলে সাথে সাথে দেশে ফেরানোর ব্যবস্থার জন্য সংসদে দাবী তুলেছেন বলে জানিয়ে সিলেট ৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান বলেন, এসব পরিবারের কিভাবে সহযোগীতা করা যায়, তা আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড জানিয়েছে, নিহত প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে ৩৫ হাজার টাকা এবং পরবর্তীতে আরও ৩ লাখ টাকা অনুদান দেওয়া হবে।

জীবিকার তাগিদে কাতারে গেলেও নির্মম দুর্ঘটনায় জীবনাবসান ঘটলো এই ৫ প্রবাসীর। একসাথে পাঁচ প্রবাসীর মৃত্যুতে কানাইঘাটের গাছবাড়ি এলাকায় নেমেছে শোকের ছায়া। জীবনের রঙ্গিন স্বপ্ন নিয়ে যারা পাড়ি জমিয়েছিলেন কাতারে তারা ফিরলেন নিথর লাশ হয়ে। তাদের অবুজ সন্তান আর স্বজনদের সান্তনা দেয়ার ভাষাই যেন কারো মুখে নেই।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর