নগরীতে জুন মাসে গ্রেপ্তার ২৩২২
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:২৭ PM

নগরীতে জুন মাসে গ্রেপ্তার ২৩২২

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪/০৭/২০২৬ ০২:৫৭:৫৪ PM

নগরীতে জুন মাসে গ্রেপ্তার ২৩২২


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ছয় থানা এলাকা থেকে জুন মাসে ২ হাজার ৩২২ জনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। মাসব্যাপী পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে।

গত শুক্রবার দিবাগত রাতে এসএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মঞ্জুরুল আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসব অভিযানে ৭৪৪ জন মাদকসেবী ও মাদক কারবারি, জুয়াড়ি ১৭৬ জন, ২০ জন ছিনতাইকারী, চোর-ডাকাত ৩৬ জন, অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ২৬ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ১৮৯ জন, ১৮৮ জন হকার, ৭২৫ জন মেট্রো অধ্যাদেশ ও সন্দেহভাজন ব্যক্তি এবং অন্যান্য আইনে ২১৮ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে ৮৫২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অবশিষ্টদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

অভিযানগুলোতে ১০ হাজার ৬৭৪ পিস ইয়াবা, ৬ বোতল বিদেশি মদ, ৭৯২ লিটার চোলাই মদ এবং ২৮ কেজি ২৯৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এছাড়া শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় মালামালের মধ্যে জিরা ১৭ হাজার ৬১০ কেজি, চকলেট ১৭ হাজার ০৮৯ পিস, প্রসাধনী ২৬ হাজার ৬৭৫ পিস, চা পাতা ৩ হাজার ৫১৫ কেজি, সেখ নাছির বিড়ি ৯ লাখ ৮৭ হাজার পিস, ভারতীয় কম্বল ১৬২ পিস ও ১০০ পিস শাড়ি আটক করা হয়।

এদিকে, জুন মাসে এসএমপি ট্রাফিক বিভাগ ৪ হাজার ৩৬০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। তার মধ্যে ২ হাজার ৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ২ হাজার ৩৫৩টি বিভিন্ন ধরনের যানবাহন আটক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসব্যাপী বিশেষ চিরুনি অভিযানে নেতৃত্ব ও দিকনির্দেশনা দেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। তার দিকনির্দেশনায় জুন মাসে এসএমপি বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচালিত পৃথক অভিযানে উল্লিখিত অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

মহানগর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর