জেলে নিলে জেলে যাব, মেরে ফেললে কবরে যাব : নাসীরুদ্দীন পাটওয়ারী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫৯ PM

জেলে নিলে জেলে যাব, মেরে ফেললে কবরে যাব : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩১/০৭/২০২৬ ০৩:০৯:২০ PM

জেলে নিলে জেলে যাব, মেরে ফেললে কবরে যাব : নাসীরুদ্দীন পাটওয়ারী


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মানুষ ভয় পায়, আমরাও ভয় পাই। কিন্তু ভয় পেয়ে রাজনীতি ছেড়ে দেব না। মামলা-হামলা দিয়ে আমাদের আন্দোলন থামানো যাবে না।

শুক্রবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা ও সমাবেশে যোগ দেওয়ার আগে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হবিগঞ্জে হামলার ঘটনায় এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় অভিযোগ দায়েরের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা স্বাভাবিকভাবে রাজনীতি করছি, কর্মসূচি করছি। জেলে নিয়ে গেলে জেলে যাব, আর মেরে ফেললে কবরে চলে যাব। মামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না।

মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মামলায় হামলা, হয়রানি ও ছিনতাইয়ের মতো অভিযোগ আনা হলেও সেসবের কোনো সত্যতা নেই। তিনি বলেন, আমি যে মামলাগুলো দেখেছি, সেখানে অনেক ইন্টারেস্টিং বিষয় লেখা হয়েছে। বলা হয়েছে আমরা হামলা করেছি, হয়রানি করেছি, ছিনতাই করেছি। এসব কতটুকু সত্য, সেটা দেশবাসী দেখেছে।

তিনি অভিযোগ করেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই এসব মামলা করা হচ্ছে। তিনি বলেন, তাদের নতুন সরকার মামলাবাজি করবে, টেন্ডারবাজি করবে, দুর্নীতি করবে, সন্ত্রাস করবে যা যার মন চায় তাই করবে। কিন্তু একদিন তো এসবের শেষ হবে।

বাংলাদেশের রাজনীতিতে ‘গ্যাংবাজির সংস্কৃতি’ চালু হয়েছে অভিযোগ করে এনসিপির এই নেতা বলেন, রাজনীতির নামে গ্যাংবাজি চলছে। যদি গ্যাংবাজিই করতে চান, তাহলে রাজনীতির নামে না করে সরাসরি গ্যাংবাজির ঘোষণা দিন।

মামলায় ছিনতাইয়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তারা বলছে আইফোন ছিনতাই হয়েছে। সেটি কি জি কে গাউসের আইফোন, নাকি তারেক রহমানের আইফোন ছিল? এসব অভিযোগ অত্যন্ত লজ্জাজনক।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও অভিযোগ করেন, দেশে সন্ত্রাস ও চাঁদাবাজির রাজত্ব কায়েম করা হয়েছে। তিনি বলেন, জি কে গাউস, নুরু, সালাউদ্দিন, এ্যানিদের এদের একটি গ্যাং আছে। তারা চাঁদাবাজি করে, সন্ত্রাস করে, টাকা তুলে গুলশান অফিসে জমা দেয়। আমরা এর তীব্র নিন্দা জানাই।

পাল্টা মামলা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের ওপর হামলা হয়েছে, আমরা মামলা করেছি। এরপর তারা একটি পাল্টা মামলা করেছে। এটিই ঘটনা।

তিনি পুনরায় বলেন, মানুষ ভয় পায়, আমরাও ভয় পাই। কিন্তু ভয় পেয়ে রাজনীতি ছেড়ে দেব না। মামলা-হামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না।

উল্লেখ্য, হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় করা মামলার পর নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলমসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের প্রতিক্রিয়া জানান এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর