মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওর থেকে একটি অজগর উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
রোববার সকালে ধান রোপণের জন্য জমি প্রস্তুত করার সময় স্থানীয় কৃষকেরা সাপটি দেখতে পান।
স্থানীয়রা জানান, প্রথমে সাপটি উদ্ধারের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কাউকে পাওয়া যায়নি। একপর্যায়ে সাপটিকে মেরে ফেলার আলোচনা শুরু হয়। এ সময় স্থানীয় বাসিন্দা মুহিবুর রহমান সাপটি না মারার আহ্বান জানান। পরে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে সেটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে অজগরটি উপযুক্ত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি 








