বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের আয়োজন, নির্বাচন বানচালের জন্য আদালতে করা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন চা শ্রমিকরা।
রোববার দুপুর আড়াইটায় শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টায় কেন্দ্রীয় কার্যালয়ের হল রুমে বালিশিরা ভ্যালির অন্তর্ভুক্ত ৬৪টি চা বাগানের পঞ্চায়েত কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা। সভায় বক্তব্য দেন সংগঠনের কার্যকরী সভাপতি শ্রীধনি কুর্মি, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পংকজ কন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় চা বাগানগুলোতে সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শ্রমিকদের নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।
তারা বলেন, চলতি মাসের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। অন্যথায় নির্বাচন আদায়ের দাবিতে চা শ্রমিকরা কঠোর আন্দোলন-সংগ্রামের কর্মসূচি দিতে বাধ্য হবেন।
এ সময় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে আদালতে করা মামলা প্রত্যাহারেরও দাবি জানান বক্তারা।
আজকের সিলেট/এপি









