বাংলাদেশ দলের সহকারী কোচ হলেন দক্ষিণ আফ্রিকার মেকেতা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৫ AM

বাংলাদেশ দলের সহকারী কোচ হলেন দক্ষিণ আফ্রিকার মেকেতা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০২/১০/২০২৬ ০৮:১৪:০৬ PM

বাংলাদেশ দলের সহকারী কোচ হলেন দক্ষিণ আফ্রিকার মেকেতা


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে যুক্ত হচ্ছেন দক্ষিণ আফ্রিকার ম্যালিবংওয়ে মেকেতা। তাকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি বছরের অক্টোবর থেকে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বিসিবি। সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দলের কোচিং প্যানেলে যোগ দেবেন তিনি।

জাতীয় দলের পাশাপাশি তরুণ ও উদীয়মান ক্রিকেটার গড়ে তোলার অভিজ্ঞতাও রয়েছে মেকেতার। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ এবং জাতীয় একাডেমির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সঙ্গেও কাজ করেছেন এই প্রোটিয়া কোচ।

২০২৩-২৪ মৌসুমে মেকেতার অধীনে দক্ষিণ আফ্রিকা ‘এমার্জিং’ সিএসএ ওয়ানডে কাপের দ্বিতীয় বিভাগের শিরোপা জিতেছিল।

বাংলাদেশের কোচিং স্টাফে যোগ দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেকেতা। তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব নিতে পেরে আমি আনন্দিত। বিসিবি আমার ওপর যে আস্থা রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। দলের সাফল্যে ইতিবাচক অবদান রাখার অপেক্ষায় আছি।’

বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করার বিষয়টিও তার কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে। মেকেতা বলেন, ‘আমাদের দলটি তরুণ ও সম্ভাবনাময়। সিমন্স ও কোচিং স্টাফের অন্য সদস্যদের সঙ্গে কাজ করে খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে এবং তাদের উন্নতিতে সহায়তা করতে মুখিয়ে আছি।’

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর