দোকানে ধূমপানের সময় একজনের সিগারেটের ধোঁয়া অন্যজনের মুখে যাওয়ার জেরে হবিগঞ্জে দুইপক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে ৭ পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতপ এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একটি পিকআপভ্যান ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেন সংঘর্ষকারীরা।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, ধুলিয়াখাল বাজারে একটি দোকানে ক্যারাম খেলা চলছিল। সেখানে একজনের মুখে অন্যজনের সিগারেটের ধোঁয়া এসে লাগলে মারামারির সূত্রপাত হয়। পরে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাবেরসহ ৭ পুলিশ সদস্য ও দুইপক্ষের অন্তত ৩০ জন আহত হন। পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট ও ৪ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে।
তিনি জানান, খবর পেয়ে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল ঘটনাস্থলে যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজকের সিলেট/বিএন/ডি/এসটি
হবিগঞ্জ প্রতিনিধি 








