সুনামগঞ্জে একটি পিকআপে করে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি জব্দ করেছে পুলিশ। আটটি বস্তায় থাকা এসব বিড়ির পরিমাণ ৩ লাখ ৩৬ হাজার শলাকা। পুলিশ বলছে, জব্দ করা বিড়ির আনুমানিক মূল্য প্রায় ১৭ লাখ টাকা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে শহরের আব্দুজ জহুর সেতুর ওপর অভিযান চালিয়ে আব্দুল করিম (২৫) নামে এক যুবককে আটক করা হয়। তিনি ছাতক উপজেলার সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী চাকলপাড়া গ্রামের জফির আলীর ছেলে। এ সময় বিড়ি বহনকারী পিকআপটিও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় নাসির বিড়ি একটি গাড়িতে করে সুনামগঞ্জ শহরের দিকে নেওয়া হচ্ছে। পরে আব্দুজ জহুর সেতু এলাকায় গাড়িটিতে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় পিকআপে থাকা আটটি বস্তা থেকে ৩ লাখ ৩৬ হাজার শলাকা শেখ নাসিরুদ্দিন বিড়ি পাওয়া যায়। অভিযানের সময় গাড়ির চালক পালিয়ে গেলেও তাঁর সহযোগী আব্দুল করিমকে আটক করা হয়।
সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অভিজিৎ ভেমিক বলেন, মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি ও একটি গাড়ি জব্দ করা হয়েছে। গাড়ির চালক পালিয়ে গেলেও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজকের সিলেট/ জেকেএস
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি 








