নাগরিক সংবর্ধনা বয়কট করবে সিলেট মহানগর বিএনপি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ PM

নাগরিক সংবর্ধনা বয়কট করবে সিলেট মহানগর বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০৯/২০২৬ ০৪:১২:২২ PM

নাগরিক সংবর্ধনা বয়কট করবে সিলেট মহানগর বিএনপি


রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনা বয়কটের ঘোষণা দিয়েছে সিলেট মহানগর বিএনপি। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নাগরিক কমিটি গঠন না করা এবং সংবর্ধনা আয়োজনের ক্ষেত্রে আয়োজকদের স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে দলটি এ সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার এক দিনের সফরে সিলেটে আসেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওলিকুল শিরোমণি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতকে কেন্দ্র করেই তাঁর এই সফর।


রাষ্ট্রপতির সিলেটে প্রবেশের সময় মহানগর বিএনপির নেতাকর্মীরা নগরের সাতটি পয়েন্টে অবস্থান নিয়ে তাকে স্বাগত জানান। পরে রাষ্ট্রপতি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর তিনি হজরত শাহপরান (রহ.)-এর মাজারে যান।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় নগর ভবন প্রাঙ্গণে রাষ্ট্রপতির সম্মানে নাগরিক সংবর্ধনার আয়োজন করেছে সিলেট সিটি করপোরেশন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশ নেওয়ার কথা রয়েছে।

তবে মহানগর বিএনপি জানিয়েছে, দলটির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মীও ওই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন না।

বয়কটের বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ‘সিলেট সিটি কর্পোরেশন এর অনুষ্ঠান আমরা বয়কট করেছি। সিলেটের বেশির ভাগ নেতাকর্মী বয়কট করেছেন।’

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, তৃণমূল নেতাকর্মীদের রেখে নাগরিক সংবর্ধনা আয়োজন করা ঠিক হবে না। এ কারণে শুধু সিলেট সিটি করপোরেশনের অনুষ্ঠানটি বয়কট করেছেন তারা।

তিনি বলেন, ‘শুধু আমরা না সিলেট জেলা ও মহানগর বিএনপি বয়কট করছি। সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী- কলিম উদ্দিন মিলন বয়কট করেছেন।’

দলটির নেতারা জানান, রাষ্ট্রপতির সিলেট সফরকে তাঁরা স্বাগত জানিয়েছেন এবং এ কারণে মহানগর বিএনপির নেতাকর্মীরা নগরের বিভিন্ন পয়েন্টে উপস্থিত ছিলেন। তবে নাগরিক সংবর্ধনা আয়োজনের প্রক্রিয়া নিয়ে আপত্তি থাকায় অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এটি সিলেটে প্রথম সফর। এক দিনের এই সফরে মাজার জিয়ারতের পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের আয়োজিত নাগরিক সংবর্ধনায় তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর