সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৬৮
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ PM

সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৬৮

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১৬/০৯/২০২৬ ১১:৫১:৫১ AM

সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৬৮


সিলেটে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৯৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগে নিশ্চিত ও সন্দেহজনক হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৮ জনে। বুধবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৬২ জন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৭১ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৬ জন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

বিভাগের বিভিন্ন উপজেলা ও জেলা হাসপাতালেও রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, কোম্পানীগঞ্জে ৪ জন, ধর্মপাশায় ১ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৫ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যায় এগিয়ে রয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। স্বাস্থ্য বিভাগের হিসাবে সেখানে ১৯২ জন সন্দেহজনক হামে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এই সংখ্যা ১৫৪ জন।

এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১৩ জন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২২ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ জন রোগী ভর্তি আছেন। বিভাগের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

সব হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্স মিলিয়ে বর্তমানে সিলেট বিভাগে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৫১৮ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন সুনামগঞ্জের এবং একজন মৌলভীবাজারের বাসিন্দা। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, তাঁদের মধ্যে দুজনের চিকিৎসা হয়েছিল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

জেলা-ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সিলেটে সন্দেহজনক হামে এ পর্যন্ত ৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জনের মৃত্যু নিশ্চিত হামে হয়েছে। হবিগঞ্জে সন্দেহজনক হামে ১৯ জন এবং নিশ্চিত হামে ৪ জন মারা গেছেন।

মৌলভীবাজারে সন্দেহজনক হামে ১৪ জনের মৃত্যু হয়েছে, আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১ জনের। সুনামগঞ্জে সন্দেহজনক হামে মৃতের সংখ্যা ৬২ জন; নিশ্চিত হামে মারা গেছেন ১ জন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, সিলেট বিভাগে নিশ্চিত ও সন্দেহজনক হামে মোট ১৬৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০ জন এবং সন্দেহজনক হামে ১৫৮ জনের মৃত্যু হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর