সিলেট বিভাগে হাম পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৭ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪১ জনে। তবে একই সময়ে হাম বা সন্দেহভাজন হাম রোগে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। রোববার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৭ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ২৩ জন এবং কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন ভর্তি হয়েছেন। বিভাগের অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন আরও ২২ জন।
বর্তমানে চিকিৎসাধীন ৫৪১ রোগীর মধ্যে সবচেয়ে বেশি রোগী রয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ১৯৩ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৭ জন চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন এবং নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ১০ জন ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের জেলা-ভিত্তিক হিসাব বলছে, সন্দেহভাজন হাম রোগে সিলেটে এ পর্যন্ত ৬৩ জন, হবিগঞ্জে ২০ জন, মৌলভীবাজারে ১৪ জন এবং সুনামগঞ্জে ৬৩ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, নিশ্চিত হাম রোগে সিলেটে চারজন, হবিগঞ্জে চারজন, মৌলভীবাজারে একজন এবং সুনামগঞ্জে একজন মারা গেছেন। সব মিলিয়ে বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১৭০ জন। এর মধ্যে সন্দেহভাজন হাম রোগে ১৬০ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৩ জন। জেলা অনুযায়ী সিলেটে ৩৮৫ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে সন্দেহভাজন রোগীদের ভর্তি অব্যাহত থাকায় হাসপাতালগুলোতে রোগীর চাপ কমেনি। বিশেষ করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে উল্লেখযোগ্যসংখ্যক রোগী চিকিৎসাধীন থাকায় স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে চাপ অব্যাহত রয়েছে।
আজকের সিলেট/ জেকেএস









