সিলেটের জৈন্তাপুরের একটি রেস্টুরেন্ট থেকে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রোববার দুপুরে এসআরবির গণমাধ্যম শাখা বিষয়টি জানায়।
উদ্ধার হওয়া দুই কিশোর হলো, সিলেটের জকিগঞ্জ থানার উত্তর মনসুরপুর এলাকার বেবুল আহমদের ছেলে মো. সাইদ মাসুদ চৌধুরী নাইম (১৫) এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার বড়বন এলাকার আব্দুস সাত্তারের ছেলে তামিম আহমদ (১৫)।
তারা দুজনই শাহপরাণ থানার খাদিমপাড়া এলাকার জাবালে নূর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ বিভাগের শিক্ষার্থী। গত ১৫ সেপ্টেম্বর ফজরের নামাজের সময় মাদ্রাসা থেকে বের হওয়ার পর তারা আর ফিরে আসেনি বলে জানিয়েছে এসআরবি।
পরে মাদ্রাসার পরিচালক তোফায়েল আহমদ বিষয়টি দুই কিশোরের অভিভাবকদের জানান। বিভিন্ন জায়গায় খোঁজ করেও সন্ধান না পাওয়ায় তাঁদের পক্ষ থেকে শাহপরাণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এর মধ্যে ১৭ সেপ্টেম্বর নাইমের বাবার মোবাইলের ইমো অ্যাকাউন্টে একটি নম্বরবিহীন অ্যাকাউন্ট থেকে ভয়েস ম্যাসেজ পাঠিয়ে টাকা দাবি করা হয়। পরে একটি ভিডিও কলে নাইমের মতো দেখতে একজনকে হাত-পা বাঁধা অবস্থায় মারধর করার দৃশ্য দেখানো হয়। একই দিন ওই ধরনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
এসআরবি জানায়, বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করার পর নিখোঁজ দুই কিশোরের অবস্থান শনাক্ত করা হয়। পরে জৈন্তাপুরের মায়ের দোয়া শাহজালাল রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরেরা জানিয়েছে, মাদ্রাসায় পড়াশোনায় অনাগ্রহের কারণে তারা সেখান থেকে পালিয়ে ওই রেস্টুরেন্টে চাকরি নিয়েছিল। এসআরবির ভাষ্য অনুযায়ী, তাদের মধ্যে একজন এর আগেও একাধিকবার মাদ্রাসা থেকে পালিয়েছিল।
উদ্ধারের পর দুই কিশোরকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
আজকের সিলেট/ জেকেএস
জৈন্তাপুর প্রতিনিধি 








