মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

ব্যর্থতা থেকে শেখার বার্তা নিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক ব্যর্থতা দিবস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৬ ০৫:১৪:৪৪ অপরাহ্ন

ব্যর্থতা থেকে শেখার বার্তা নিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক ব্যর্থতা দিবস


সাফল্যের পথে বাধা আসতে পারে, থেমে যেতে পারে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা। নিজের ভুল কিংবা প্রতিকূল পরিস্থিতির কারণে ব্যর্থতার মুখোমুখি হলেও সেখান থেকে শিক্ষা নিয়ে আবার এগিয়ে যাওয়ার গুরুত্ব তুলে ধরতে আজ ১৩ অক্টোবর (মঙ্গলবার) পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক ব্যর্থতা দিবস’।

ব্যর্থতাকে লজ্জা বা পরাজয় হিসেবে না দেখে আত্মবিশ্বাস অর্জন, শেখা এবং নিজেকে আরও উন্নত করার সুযোগ হিসেবে গ্রহণে উৎসাহিত করাই দিবসটির মূল উদ্দেশ্য।

২০১০ সালে ফিনল্যান্ডের আল্টো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর উদ্যোগে দিবসটির যাত্রা শুরু হয়। সে সময় দেশটিতে নতুন ব্যবসা কিংবা উদ্যোগ শুরু করার ক্ষেত্রে ব্যর্থতার ভয় বড় বাধা হয়ে উঠেছিল। এই মানসিকতা বদলাতে ব্যর্থতাকে স্বাভাবিকভাবে গ্রহণ এবং তা থেকে শিক্ষা নেওয়ার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ একটি দিবস পালনের উদ্যোগ নেন শিক্ষার্থীরা।

পরবর্তী সময়ে ফিনল্যান্ডের বাইরে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে দিবসটির আয়োজন। ২০১২ সালে এটি আন্তর্জাতিক পরিচিতি পায়। এরপর থেকে প্রতি বছর ১৩ অক্টোবর দিবসটি পালিত হয়ে আসছে।

দিবসটি উপলক্ষে নিজের ব্যর্থতার অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আলোচনার ওপর গুরুত্ব দেওয়া হয়। বন্ধু, সহকর্মী কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে নিজেদের ভুল এবং সেখান থেকে পাওয়া শিক্ষা ভাগ করে নেওয়া যেতে পারে। এতে ব্যর্থতা নিয়ে অস্বস্তি কমার পাশাপাশি অন্যের অভিজ্ঞতা থেকেও শেখার সুযোগ তৈরি হয়।

বিভিন্ন জায়গায় এ উপলক্ষে আয়োজন করা হয় ‘ফেল ফেস্টিভ্যাল’। এসব আয়োজনে অংশগ্রহণকারীরা নিজেদের ব্যর্থতা, ভুল সিদ্ধান্ত কিংবা প্রত্যাশা পূরণে না পারার অভিজ্ঞতা তুলে ধরেন। কোথাও আবার কর্মশালা বা ‘ফ্লপ ফিল্ম নাইট’ আয়োজন করা হয়। সেখানে ব্যর্থ উদ্যোগ কিংবা কম সফল সিনেমা নিয়ে আলোচনা করে সেগুলো থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা চলে।

সাধারণত সমাজে সাফল্যের গল্প যতটা গুরুত্ব পায়, ব্যর্থতার অভিজ্ঞতা নিয়ে আলোচনা ততটা হয় না। অথচ ব্যর্থতা নিজের দুর্বলতা চিহ্নিত করা, ভুল সংশোধন এবং নতুন করে পরিকল্পনা সাজানোর সুযোগ তৈরি করতে পারে।

আন্তর্জাতিক ব্যর্থতা দিবসের বার্তা হলো, প্রতিটি প্রচেষ্টার ফল প্রত্যাশা অনুযায়ী নাও হতে পারে। তবে একটি ব্যর্থতা দিয়ে পুরো জীবনের মূল্যায়ন করা যায় না। ব্যর্থতার পর আবার উঠে দাঁড়ানো এবং সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়াই গুরুত্বপূর্ণ।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর