রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: ৩৮ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/১১/২০২৬ ০৪:০০:১৬ অপরাহ্ন

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: ৩৮ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ


সিলেটের সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩৯ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১ নভেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, লেহেঙ্গা, কসমেটিক্স, জিরা, চা-পাতা, কম্বল, পাতার বিড়ি ও গরু।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। বিজিবি সিলেট সেক্টরের অধীন সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল এলাকায় এ অভিযান পরিচালনা করে।

এ সময় মালিকবিহীন অবস্থায় ৩৪ লাখ ৫ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিক্স সামগ্রী, জিরা ও চা-পাতা জব্দ করা হয়।

এছাড়া গত ২০ নভেম্বর রাতে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীন জৈন্তাপুর ও লোভাছড়া বিওপির পৃথক টহলদল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় অভিযান চালায়। এসব অভিযানে আরও ৪ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় কম্বল, পাতার বিড়ি ও গরু জব্দ করা হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, পৃথক অভিযানগুলোতে জব্দ করা পণ্যের সর্বমোট সিজার মূল্য ৩৮ লাখ ৫৯ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান চালানো হয়েছে।

জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর