দক্ষিণ সুরমার সার্বিক উন্নয়ন ও নাগরিক সমস্যার সমাধানে ২১ দফা সুপারিশ তুলে ধরে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্রমন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে স্মারকলিপি দিয়েছে ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’।
সুরমা নদীর দক্ষিণ তীরে অবস্থিত সিলেট সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ডসহ পুরো দক্ষিণ সুরমা এলাকার সুষম উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এসব সুপারিশ প্রণয়ন করেছে সংগঠনটি।
গত শুক্রবার সন্ধ্যায় মন্ত্রীর সিলেট সফরকালে তাঁর কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। দক্ষিণ সুরমা এলাকার ন্যায়সংগত দাবি আদায় এবং উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার উদ্দেশ্যে গঠিত অরাজনৈতিক সংগঠনটির পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়।
স্মারকলিপি গ্রহণকালে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আন্তরিকতার সঙ্গে বলেন, ‘আমি সিলেট-১ আসনের এমপি হলেও দক্ষিণ সুরমার উন্নয়নেও সচেষ্ট। আপনাদের দেওয়া স্মারকলিপি পর্যবেক্ষণ করে যেখানে যা প্রয়োজন, ইনশাল্লাহ তা বাস্তবায়নে আমি পিছপা হবো না।’
তিনি ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে এলাকার বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরায় সদর দক্ষিণ নাগরিক কমিটির সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
সংগঠনের আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি হাজী আব্দুল আহাদ এবং সদস্য সচিব চঞ্চল মাহমুদ ফুলের সহযোগিতায় মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় সংগঠনের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য হাজী ফরিদুর রহমান, আব্দুল মালেক তালুকদার, জাহাঙ্গীর খান, শেখ মো. লায়েক মিয়া, দেলোয়ার হোসেন রানা, হাজী এমডি মো. ফুল মিয়া, আনোয়ার হোসেন জুবায়ের ও মো. ছয়ফুল আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকের সিলেট/ জেকেএস









