সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

বিদেশে চলে গেছে ৫৯ মিলিয়ন পিসের অর্ডার

১৮ দিনে ৩১৭ পোশাক কারখানায় ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ২৩/১১/২০২৬ ০৯:৪০:৪১ পূর্বাহ্ন

১৮ দিনে ৩১৭ পোশাক কারখানায় ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি


দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিতিশীলতার প্রভাব পড়েছে উৎপাদন ও রফতানি কার্যক্রমে। মাত্র ১৮ দিনের ব্যবধানে ৩১৭টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ থাকায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে বাংলাদেশ থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাকের নিশ্চিত ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন বিদেশি ক্রেতারা। এসব ক্রয়াদেশের বাজারমূল্য প্রায় ২৫৪ মিলিয়ন ডলার।

রোববার (২২ নভেম্বর) এক জরুরি জরিপের ফলাফল প্রকাশ করে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

সংগঠনটির তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি ও নানা ধরনের বিঘ্নের কারণে পোশাক কারখানাগুলো উৎপাদন কার্যক্রম পরিচালনায় বাধার সম্মুখীন হয়। এ পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণে গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর জরিপ চালায় বিজিএমইএ। এতে এখন পর্যন্ত ৩১৭টি কারখানা তাদের ক্ষয়ক্ষতির তথ্য দিয়েছে।

জরিপের তথ্য বলছে, অস্থিতিশীল পরিস্থিতির কারণে এসব কারখানার উৎপাদন কার্যক্রম এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে। এতে উৎপাদন খাতে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। রফতানিমূল্য বা এফওবি ভিত্তিতে এ ক্ষতির হিসাব করা হয়েছে।

উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারায় রফতানি আদেশ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সময়মতো পণ্য পাঠাতে অনেক কারখানাকে অতিরিক্ত খরচে আকাশপথে পণ্য রফতানি করতে হচ্ছে। কোথাও আবার ক্রেতাদের মূল্যছাড় দিতে হচ্ছে। কিছু প্রতিষ্ঠান সরাসরি ক্রয়াদেশ বাতিলের ঝুঁকিতেও পড়েছে।

তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বিদেশি ক্রেতাদের ক্রয়াদেশ অন্য দেশে স্থানান্তর। বিজিএমইএর জরিপে অংশ নেওয়া কারখানাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, ইতোমধ্যে বাংলাদেশ থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাকের নিশ্চিত ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে। এসব অর্ডারের আর্থিক মূল্য প্রায় ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।

বিজিএমইএর মতে, জরিপে উঠে আসা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকৃত পরিস্থিতির পূর্ণাঙ্গ চিত্র নয়। সংগঠনটির ধারণা, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০ ছাড়িয়ে গেছে। কিন্তু জরিপের স্বল্প সময়ের মধ্যে মাত্র ৩১৭টি কারখানা তথ্য দিতে পেরেছে। ফলে আরও বিপুলসংখ্যক কারখানার ক্ষয়ক্ষতির হিসাব এখনো অন্তর্ভুক্ত হয়নি।

এ ছাড়া জরিপে ১৮ নভেম্বর পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে। কিন্তু বিভিন্ন শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা অব্যাহত থাকায় সামগ্রিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংগঠনটি।

বিজিএমইএ বলছে, চলমান সংকটের প্রভাব শুধু আর্থিক ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের দীর্ঘদিনের সুনাম, নির্ভরযোগ্যতা এবং ক্রেতাদের আস্থাও চ্যালেঞ্জের মুখে পড়ছে। বিদেশি ক্রেতাদের ক্রয়াদেশ অন্য দেশে স্থানান্তরের ঘটনা বৈশ্বিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ পরিস্থিতি থেকে উত্তরণে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা ও কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেছে বিজিএমইএ। সংগঠনটির মতে, দেশের অর্থনীতি এবং তৈরি পোশাকশিল্পের ওপর নির্ভরশীল লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান ও জীবন-জীবিকার স্বার্থে দ্রুত শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা জরুরি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর