পুলিশ কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় হবিগঞ্জের মাধবপুরে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চৌমুহনী এলাকায় নিজ বাড়ি থেকে আতাউস সামাদ বাবুকে গ্রেফতার করা হয়। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের মাধবপুর উপজেলা শাখার আহ্বায়ক।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ফেসবুকে একটি হুঁশিয়ারিমূলক পোস্ট দেন বাবু। এতে তিনি পুলিশ কর্মকর্তাদের নাম-পরিচয় সংরক্ষণ করে রাখার কথা উল্লেখ করেন। একই সঙ্গে অবসরে যাওয়ার পরও তাঁদের শান্তিতে বাড়ি ফিরতে না দেওয়ার ইঙ্গিত দেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।
ফেসবুক পোস্টে বাবু দাবি করেন, তাঁকে গ্রেফতারের জন্য মাধবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন তাঁর বাড়িতে গিয়েছিলেন। তবে সে সময় তিনি বাড়িতে ছিলেন না। একই পোস্টে ছাত্রলীগের আরেক নেতা সিরাজের গ্রেফতারের বিষয়টিও উল্লেখ করেন তিনি।
পোস্টে আতাউস সামাদ বাবু লেখেন, ‘দেলোয়ার সাহেবদের নাম-ঠিকানা আমরা রাখছি। কারণ তারাও পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবে না, ইনশাআল্লাহ।’
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বাবুকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে হাজির করা হবে।
আজকের সিলেট/ জেকেএস
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








