সিলেটে ‘জুমাতুল বিদা’ পালিত
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৪০ AM

মসজিদে মসজিদে মোনাজাতে কান্নার রোল

সিলেটে ‘জুমাতুল বিদা’ পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/০৪/২০২৪ ০১:৪৪:১৫ AM

সিলেটে ‘জুমাতুল বিদা’ পালিত


ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে ন্যায় সিলেটও পালিত হয়েছে পবিত্র মাহে রমজানের শেষ জুমআহ বা জুমাতুল বিদা। জুমার নামাজের আগে মসজিদের খতিবরা জুমাতুল বিদা ও পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে ‘খুতবা’ পাঠ করেন। বয়ানে আগামী বছর কিভাবে মুসল্লিরা অতিবাহিত করবেন ও দেশ ও জাতির কল্যাণে কাজ করা নির্দেশনা দেন খতিবরা।

নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা পাপাচার, গজব থেকে বাঁচতে আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।এ সময় অনেক মুসল্লী মহান রবের উদ্দেশে মোনাজাতে দুহাত তুলে কান্নায় ভেঙে পড়েন।

শুক্রবার হযরত শাহজালাল(র.) দরগাহ জামে মসজিদ, কুদরত উল্লাহ জামে মসজিদ, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ, কালেক্টরেট মসজিদ, শাহ আবু তোরাব মসজিদ, আম্বরখানা মসজিদ, নয়াসড়ক ও শাহী ঈদগাহ মসজিদসহ নগরীর সকল মসজিদে মুসল্লিরা পাপাচার থেকে মুক্তির জন্য মোনাজাত করেন।

মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় মসজিদের বাহিরের আঙ্গিনার ও দরগাহ’র রাস্তায় ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ আদায় করেন। এছাড়া নগরীর সবকটি মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় ছিল।

জানা যায়, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) রমজানের শেষ শুক্রবারে জুমার নামাজের পর বিশেষ ইবাদত করতেন। তার উম্মতরা এরই ধারাবাহিকতায় এদিন জুমার নামাজের পর নফল নামাজ আদায় করেন ও বিশেষ দোয়া করেন।

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানের শেষ জুমা ধর্মপ্রাণ মুসলমানদের কাছে বিশেষ গুরুত্ব ও মর্যাদাপূর্ণ। রমজানের শেষ জুমা হওয়ায় দিনটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জুমাতুল বিদার দিন ধর্মপ্রাণ মুসল্লিরা এলাকার মসজিদে আগেভাগেই উপস্থিত হন।

রোজা রেখে মুসল্লিরা জুমাতুল বিদার জামাতে শরিক হওয়ার চেষ্টা করেন। নগরীর প্রায় প্রতিটি মসজিদেও মুসল্লিদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। মসজিদ ছাড়িয়ে আশপাশের রাস্তায় মুসল্লিরা কাতারবন্দি হয়ে নামাজ আদায় করেন। পবিত্র জুমাতুল বিদায় মসজিদে মসজিদে দেশ জাতি ও মুসলমানদের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

আজকের সিলেট/এসটি

সিলেটজুড়ে


মহানগর