সিলেটে চলছে শেষ মুহুর্তের কেনাকাটা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪৬ PM

নগরজুড়ে তীব্র যানজট, কোথাও তিল ধারণের ঠাঁই নেই

সিলেটে চলছে শেষ মুহুর্তের কেনাকাটা

সৈয়দ রাসেল আহমদ

প্রকাশিত: ০৯/০৪/২০২৪ ১০:৫৭:৩৫ AM

সিলেটে চলছে শেষ মুহুর্তের কেনাকাটা


পবিত্র ঈদুল ফিতরের বাকি আর মাত্র একদিন দিন। ধর্মীয় এ উৎসবের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে এরই মধ্যে সিলেট শহর ছাড়তে শুরু করেছেন নগরীতে বসবাস করা বিভিন্ন জেলার  অধিকাংশ মানুষ। 

স্থানীয় ও ঈদে বাড়ি না যাওয়া নগরীর বাসিন্দারাও ব্যস্ত শেষ মুহূর্তের কেনাকাটায়। সিলেট শহরের বিপনি মার্কেটগুলো ঘুরে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। তিল পরিমান জায়গা নেই কোথাও। 

শেষ মুহুর্তের কেনাকাটায় যেমন ক্রেতারা দারুণ ব্যস্ত,তেমনি বিক্রেতাদের চোখে নেই ঘুম। বছরে এই একবার ভালোভাবে ব্যবসা করার সুযোগ পান তারা। তাই ঈদের আগের চার-পাঁচ দিন ঘুমকে ছুটি দিয়ে দেন ব্যবসায়ীরা।

নগরীর বন্দর বাজার, জিন্দাবাজার,নয়া সড়ক ও কুমার পাড়ায় অবস্থিত মার্কেট গুলো ঘুরে দেখা যায় অপরুপ এক চিত্র। যে চিত্র দেখার জন্য ব্যবসায়ীরা সারাটা বছর অপেক্ষা করেন। প্রতিটা মার্কেটেই ক্রেতাদের উপচে পড়া ভিড়।

শেষ সময়ে এসে আবহাওয়া অনুকূলে থাকায় কেনাকাটার আনন্দ দিগুণ বাড়িয়ে দিয়েছে ক্রেতাদের মনে,শিশু থেকে বৃদ্ধ সব শ্রেণীর ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করার মতো। 

নয়া সড়ক ও কুমারপাড়াস্থ মার্কেটগুলোতে অভিযাত শ্রেণীর ক্রেতা বেশি হলেও নিম্নশ্রেণী ও মধ্যবিত্তদের ভিড় দেখা গিয়েছে নগরীর হকার্স মার্কেট,হাসান মার্কেট ও মধুবন সুপার মার্কেটে। এছাড়াও মোটামুটি অবস্থাশীলদের জিন্দাবাজার ব্লুওয়াটার,সিটি সেন্টার ও আলহামরা মার্কেটগুলোতে কেনাকাটা করতে দেখা যায়। 

তবে যারা একটু স্বল্প বাজেটে ঈদ কেনাকাটা করছেন তাদের জিন্দাবাজারের বিভিন্ন মার্কেটগুলো ঘুরে ঘুরে দামদর করেই কেনাকাটা করতে দেখা গিয়েছে।

এবার ঈদের কেনাকাটা করতে সকল শ্রেনীর মানুষের উপস্থিতি লক্ষ্য করার মতো। দাম নিয়ে ক্রেতাদের কিছু অভিযোগ থাকলেও শেষ পর্যন্ত ঈদের কেনাকাটা ভালোভাবে করতে পারায় ক্রেতাদের চোখেমুখে তৃপ্তির হাসিও লক্ষণীয়। 

ব্যবসায়ীদের আশা যদি আবহাওয়া ভালো থাকে তাহলে ঈদের আগের রাতেও ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকবে মার্কেটগুলোতে।

এদিকে জিন্দাবাজার এলাকায় এবার ফুটপাত না থাকায় ক্রেতারা ভালোভাবেই হেটে হেটে এ মার্কেট থেকে ঐ মার্কেটে যেতে পারছেন। ঈদ উপলক্ষে হকার অভিযান কিছুটা শিথিল থাকায় হকার্সরাও লুকিয়ে লুকিয়ে ঈদের ব্যবসায় অংশগ্রহণ করতে দেখা গিয়েছে। শেষ মুহুর্তে কিছু হকার ব্যবসা করার সুযোগ পেয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন।

তবে প্রতিবারের মতো এবারের ঈদেও ভ্রাম্যমাণ ভিক্ষুকদের যন্ত্রণা পোহাতে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আসা ক্রেতাদের। ঈদকে সামনে রেখে এসব সিজনাল ভিক্ষুকদের ক্রেতাদের পিছু পিছু ছুটতে দেখা যায়। এতে অনেকটাই বিরক্তি দেখা গিয়েছে ক্রেতাদের মধ্যে। 

তবে সকল ঝামেলা একদিকে ফেলে ক্রতাদের কেনাকাটা নিয়ে ব্যস্ততার মধ্য দিয়ে চলছে ঈদের কেনাকাটা।

এদিকে, ঈদের শেষ সময়ে এসে পুরো নগরীতে তীব্র যানজট দেখা গেছে। প্রতিটি পয়েন্টে গাড়িকে শৃঙ্খলায় রাখতে ট্রাফিক পুলিশদের হিমশিম খেতে দেখা গেছে।

আজকের সিলেট/এসআর/এসটি

সিলেটজুড়ে


মহানগর