মৌলভীবাজারে দ্বিতীয় দফায় আগামী ২১মে অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নির্বাচনে সদর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করলে চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম তাজের প্রার্থিতা বাতিল করা হয়। অপর প্রার্থী কামাল হোসেন এখন একক বৈধ প্রার্থী।
সোমবার দুপুরে জেলা রিটার্নিং অফিসার আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, তাজুল ইসলাম তাজের বিরুদ্ধে পাঁচ বছরের সাজা রয়েছে তাই তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।
এর আগে রোববার মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে তাজুল ইসলাম তাজের বিরুদ্ধে প্রার্থীতা বাতিলের অভিযোগ আনেন আরেক চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে দিনব্যাপী আপিল শুনানি অনুষ্ঠিত হয়। পরে সোমবার সকালে তার প্রার্থিতা বাতিল করা হয়।
তবে তাজুল ইসলাম তাজ বলেন, ষড়যন্ত্র করে অনেককিছুর বিনিময়ে আমার কাগজপত্র সব ঠিক থাকার পরও অবৈধভাবে আমার প্রার্থীতা বাতিল করা হয়। তাই আমি উচ্চ আদালতে আপিল করবো।
এদিকে চেয়ারম্যান পদে কামাল হোসেনের প্রার্থীতা বৈধ রয়েছে বলে জানান জেলা রিটার্নিং অফিসার।
আজকের সিলেট/ডি/এসটি
মৌলভীবাজার প্রতিনিধি 








