প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি, ৬ জনের বিরুদ্ধে সাইবার মামলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৩৭ AM

প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি, ৬ জনের বিরুদ্ধে সাইবার মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০৫/২০২৪ ০৫:৫০:১৯ AM

প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি, ৬ জনের বিরুদ্ধে সাইবার মামলা


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বাংলাদেশের  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি ও জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে ব্যাঙ্গাত্মক ছবি প্রকাশ করায় ৬ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আমিনুল হক খান।

বৃহস্পতিবার ছাতক উপজেলার আহারগাঁও গ্রামের মো.ওয়াব আলীর ছেলে ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক আবু ছুফিয়ান সিলেটের সাইবার ট্রাইব্যুনালে এ পিটিশন মামলা দাখিল করেন।

মামলার বিবাদীরা হলেন-সিলেটের জকিগঞ্জ থানার চিনিরচক মুন্সিপাড়া গ্রামের শামসুল হক লস্করের ছেলে আবুল কালাম আজাদ লস্কর(২৮), মৌলভীবাজার থানার জুড়ি উপজেলার জারফর নগর গ্রামের মো.মুজিবুর রহমানের ছেলে এবাদুর রহমান(২৮), সুনামগঞ্জের জগন্নাথপুরের এনায়েত নগর গ্রামের মো.জাহাঙ্গীর আলম(৩০), গোলাপগঞ্জ থানার ফতেহপুর  ভাদেশ্বর গ্রামের হাবিবুর রহমানের ছেলে জহিরুল ইসলাম মাহি (২৬), সুনামাগঞ্জের দোয়ারাবাজারের উনগ্রামের মৃত ফজলুল হকের ছেলে রফিক উদ্দিন ও কানাইঘাট থানার বড়দেশ উত্তর গ্রামের মো. এখলাছুর রহমানের ছেলে মো.আব্দুল্লাহ নাঈম(২৬)।

সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো.মনির কামাল মামলাটি গ্রহন করে  তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ছাতক থানা পুলিশকে নির্দেশ দেন।

মামলায় অভিযোগ করা হয়, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক আবু ছুফিয়ান দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ছবি প্রচার করে আসছেন। তার সেই সব ছবিতে কমেন্টে বিবাদীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে খারাপ মন্তব্য করে। এছাড়াও বিবাদীর বিভিন্ন সময় তাদের নিজ নামীয় ফেসবুক আইডি খুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম এবং ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে ।

এসব ব্যাপারে বাধা দিলে তারা আরও বেশী অপপ্রচার চালিয়ে যাচ্ছে এবং প্রতিবাদী আবু ছুফিয়ানকে  ভয়ভীতি প্রদর্শন করছে। তাই বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা আইনী নিতে সাইবার ট্রাইব্যুনাল সিলেটে মামলাটি দায়ের করেন আবু ছুফিয়ান।

আজকের সিলেট/বার্তা/কে.আর

সিলেটজুড়ে


মহানগর