সিলেট মেট্রোসিটিতে পিকআপ ভর্তি গরু ছিনতাই হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পাঁচটি গরু উদ্ধারসহ ১ ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনত।
বুধবার রাতে দক্ষিণ সুরমা থানায় বাদী হয়ে মামলা করেছেন সুনামগঞ্জের ছাতক মন্ডলীভোগ এলাকার গরু ব্যবসায়ী গৌঁছ উদ্দিন। এর আগে মঙ্গলবার রাত সোয়া নয়টায় দক্ষিণ সুরমা থামাধীন সাতমাইল খাঁজাকালু গ্রামের রাস্তার সামনে গরু ছিনতাইয়ের এঘটনা ঘটে।
মামলা আসামীরা হলেন- এসএমপি' মোগলাবাজার থানার জালালপুর শেখপাড়ার শফিক মিয়ার ছেলে বোরহান উদ্দিন (২০), দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সিলাম ঠিকরপাড়ার মৃত মোবারক আলীর ছেলে সামসুদ্দোহা সাদি (২২), ছব্দলপুর গ্রামের মৃত নছব আলীর ছেলে খসরু মিয়া(৩৬), একই থানার লিটন (২৭), রনি (২৭), মুন্না (৩০), সেবুল (৩০) ও সিলেট কোতোয়ালি মডেল থানার জল্লারপারের জেবু (২৫)। এদের মধ্যে বোরহান উদ্দিনকে (২০) গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।
মামলা সূত্রে জানা যায়, সুনামগঞ্জের ছাতক থানার মন্ডলীভোগ এলাকার মৃত তাজ উদ্দিনের ছেলে গরু ব্যবসায়ী গৌঁছ উদ্দিন একটি পিকআপে ৫টি গরু সিলেটের গোয়াইনঘাট থেকে জগন্নাথপুর নিয়ে যাচ্ছিলেন। দক্ষিণ সুরমা উপজেলার (ঢাকা-সিলেট মহাসড়কে) খাজাকালু গ্রামের রাস্তার সামনে পৌঁছামাত্র তিনটি মোটরসাইকেল ও একটি অটোরিকশা (সিএনজি) যোগে ছিনতাইকারীরা তার গাড়িটি ঘিরে ফেলে। এক পর্যায়ে তাদের গাড়ি থেকে নামিয়ে অস্ত্রের মুখে চালককে জিম্মি করে গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে তারা পিকআপ নিয়ে জালালপুর রোডের দিকে চলে যায়।
তাৎক্ষণিকভাবে দক্ষিণ সুরমা থানার টহল পুলিশকে বিষয়টি জানালে তারা গাড়ির জিপিএস ট্রাকিংয়ের মাধ্যমে গাড়িটির অবস্থান শনাক্ত করে।
এরপর মোগলাবাজার থানা পুলিশের সহযোগিতায় জালালপুর ইউনিয়নের ছব্দলপুর থেকে ছিনতাইকারী মো. বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্য থেকে পাঁচটি গরু উদ্ধার করা হয়।
এ বিষয়ে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি নোমান আহমদ লাকি বলেন, বিষয়টির ব্যাপারে আমি অবগত। ঘটনার সত্যতা জেনে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা নেতৃবৃন্দকে জানানো হবে।
দক্ষিণ সুরমা থানা পুলিশের এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা রাহুল দেবনাথ জানান, মামলায় এক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
আজকে সিলেট/কে.আর
নিজস্ব প্রতিবেদক 








