ফের জলাবদ্ধতার কবলে নগরী
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:২৬ AM

ফের জলাবদ্ধতার কবলে নগরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/০৬/২০২৪ ০৬:১২:০৯ AM

ফের জলাবদ্ধতার কবলে নগরী


নগরীতে টানাবৃষ্টিতে আবারও জলাবদ্ধতার কবলে পড়েছে। বৃষ্টির কারণে জলাবদ্ধতার পাশাপাশি নাগরিকদের মনে জেগেছে বন্যার আতঙ্ক। গত দুই সপ্তাহ আগে ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে মাত্রাতিরিক্ত বৃষ্টির প্রভাব পড়েছিল সিলেটের বিভিন্ন উপজেলায় ও নগরীতে। গতকাল থেকে চেরাপুঞ্জিতে শুরু হওয়া অবিরাম বর্ষণের সঙ্গে পাল্লা দিয়ে আজ ভোর থেকে সিলেটেও শুরু হয়েছে অবিরাম বর্ষণ।


বৃহস্পতিবার দুপুরে দেখা যায়, সিলেট নগরীর, মোকামবাড়ি, বেতবাজার, ঘাসিটুলা, লামাপাড়া, যতরপুর, উপশহর, লালাদীঘির পাড়, বাগবাড়িসহ আরও বেশ কয়েকটি এলাকায় নতুন করে পানি উঠেছে।

নগরের ১নং ওয়ার্ডের বাসিন্দা ফলিক মিয়া বলেন, আমার ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থা খুবই বাজে। একটু বৃষ্টিতে পানি জমে বাসাবাড়িতে উঠে যায়। যদি সঠিক পন্থা অনুসরণ করে এসকল ড্রেনের কাজ হতো তবে জলাবদ্ধতার কবলে আমাদের পড়ে ভোগান্তি পোহাতে হতো না। সেই সাথে ১নং ওয়ার্ডে অবস্থিত ছড়া সংস্কার ও খনন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সিলেট সিটি কর্পোরেশনের লালাদীঘির পাড় এলাকার শরিফ আহমদ বলেন, কী একটা ঝামেলার মধ্যে আমরা আছি তা বুঝাতে পারবো না। ঘণ্টা দুয়েক বৃষ্টি হলে বাসায় হাটু পানি হয়ে যায়। কবে যে এর থেকে নিস্তার পাব আমরা জানি না।

এদিকে সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসেন বলেন, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ছিল ১০৫ মিলিমিটার আর ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছিল ৮১ মিলিমিটার। এছাড়া চেরাপুঞ্জিতে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় তাদের ৩৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

সিটি কর্পোরেশন এলাকায় জলাবদ্ধতা ও নাগরিক ভোগান্তির বিষয়ে জানতে চাইলে সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান, গতকাল থেকে ভারতের চেরাপুঞ্জিতে অবিরাম বর্ষণ হচ্ছে। বিষয়টি আমাদের নজরে আছে। সেই সঙ্গে যদি সিলেটে অবিরাম বর্ষণ হচ্ছে। ভারতে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত হলে সিলেটের নদ-নদীর পানি বাড়ে এবং সেই প্রভাব সিটি কর্পোরেশন এলাকায় পড়ে। নগরে আমাদের একাধিক টিম দুর্যোগ মোকাবিলায় কাজ করছে। আমাদের মেয়র মহোদয় জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সবকটি বিভাগকে যথাসাধ্য কাজ করার জন্য নির্দেশ প্রদান করেছেন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর