মৌলভীবাজারের বড়লেখায় সাবেক পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনে ৩৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ৯ বছর পর বড়লেখায় বিএনপির মিছিলে হামলার অভিযোগে সাবেক বনমন্ত্রী মো. শাহাব উদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে এ মামলা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বড়লেখা থানায় এই মামলা হয়। মামলাটি করেন নুরুল ইসলাম তাফাদার নামে এক যুবদল নেতা। মামলায় আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলা এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপির নেতাকর্মীদের গুম-খুন ও নির্যাতনের প্রতিবাদে কর্মসূচি চলাকালে বড়লেখা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বড়লেখা পৌরশহরে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের হুমকি দেন। হুমকি উপেক্ষা করে তারা রেলওয়ে যুবসংঘ মাঠের পাশে শান্তিপূর্ণভাবে কালো পতাকা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। ওই সময় পৌর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তাফাদারকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
এজাহারে সাবেক বনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ও আজির উদ্দিন, সাবেক পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, অধ্যক্ষ এ.কে.এম হেলাল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন সহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে মামলায়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, মামলার কোনো আসামিকে এখনো গ্রেফতার করা হয়নি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আজকের সিলেট/ডি/এপি
সংবাদদাতা 








