টানা পাঁচ মাস কারাগারে থাকার পর বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জিকে গউছ জামিনে মুক্তি পেয়েছেন। পরে কারা ফটকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক ফুল দিয়ে তাকে বরণ করেন।
সোমবার দুপুর ২টায় জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।এর আগে গত ১১ জানুয়ারি বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খাইরুল আলমের হাইকোর্ট বেঞ্চ জিকে গউছের জামিন মঞ্জুর করেছিলেন।
জানা গেছে, জিকে গউছ মোট চারটি মামলায় ১৫৪ দিন কারাগারে ছিলেন। এর আগে আরও তিনটি মামলায় বিভিন্ন সময় তার জামিন হয়। গত বছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ঢাকার আদালত থেকে গুলশানের বাসায় ফেরার পথে জিকে গউছকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
পরে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরকে হত্যা ষড়যন্ত্রের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ মামলাটি দায়ের হয়েছিল ২০১৫ সালের ২৮ আগস্ট হবিগঞ্জ সদর মডেল থানায়।
মুক্তির পর জি কে গউছ বলেন, আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য যে আন্দোলনে আমরা ছিলাম, সে আন্দোলনে আমরা আছি। আমাদের নীতি থেকে আলাদা করা যাবে না। যত মামলাই আসুক, খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র ফিরিয়ে না এনে আমরা কেউ ঘরে ফিরে যাবো না।
তিনি আরও বলেন, বিভিন্ন মিথ্যা মামলায় আমাকে কারাগারে আটক করে রেখেছে। ১৫৪ দিন বিনা অপরাধে চারটি মিথ্যা মামলায় আমাকে কারাগারে আটক রাখা হয়েছিল। হাইকোর্টের আদেশে আজ আমি মুক্তি পেয়েছি। আমাদের অসংখ্য মানুষ আজ দেশের কারাগারগুলোতে নির্যাতনের শিকার হচ্ছেন।
আজকের সিলেট/বিএন/এসটি
হবিগঞ্জ প্রতিনিধি 








